২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা সেতুর জট দ্রুত খোলার আশা মুহিতের

বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধির সঙ্গে বৈঠক করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আশা করছেন, পদ্মা সেতু নিয়ে সৃষ্ট জটিলতার অবসান ঘটবে শিগগিরই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2011, 10:12 AM

Updated : 24 Aug 2022, 04:31 PM

আবদুর রহিম হারমাছি প্রধান অর্থনৈতিক প্রতিবেদক ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধির সঙ্গে বৈঠক করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আশা করছেন, পদ্মা সেতু নিয়ে সৃষ্ট জটিলতার অবসান ঘটবে শিগগিরই। বিশ্বব্যাংক কর্মকর্তা অ্যালেন গোল্ডস্টেইন বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন। দুর্নীতির অভিযোগ ওঠায় তারা ইতোমধ্যে পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন স্থগিত করেছে। অ্যালেন গোল্ডস্টেইনের সঙ্গে বৈঠকের পর অর্থমন্ত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ নিয়ে আমরা নানা ধরনের তৎপরতা চালাচ্ছি। খুব শিগগিরই বিষয়টির একটি সমাধান হবে বলে আশা করছি।" কী ধরনের সমাধান হবে- জানতে চাওয়া হলে তিনি বলেন, "পজিটিভ (ইতিবাচক) কিছুই আপনারা জানতে পারবেন। এখন এ বিষয়ে আর কিছু বলতে পারছি না।" বিশ্বব্যাংক কর্মকর্তার সঙ্গে আলোচনার বিষয়বস্তু নিয়েও কোনো কথা বলতে চাননি মুহিত। পদ্মা সেতু নির্মাণে দুর্নীতির অভিযোগ ওঠায় এ প্রকল্পে অর্থায়ন স্থগিত করেছে বিশ্বব্যাংক। দেশের সর্ববৃহৎ নির্মাণ প্রকল্প পদ্মা সেতু তৈরিতে সবচেয়ে বেশি ১২০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। সংস্থাটির অভিযোগ, এ প্রকল্পে দুর্নীতি হয়েছে। পদ্মা সেতু প্রকল্প তদারকির জন্য প্রাক নির্বাচনী তালিকায় থাকা কানাডীয় প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনের 'দুর্নীতি'র তদন্তে বিশ্বব্যাংক কানাডা পুলিশকে অনুরোধ করলে পদ্মা সেতুতে 'দুর্নীতি'র বিষয়টি প্রকাশ্য হয়। বাংলাদেশের তরফে এ প্রকল্পে দুর্নীতির অভিযোগ বরাবারই প্রত্যাখ্যান করে আসছে সরকার। যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বুধবারও সাংবাদিকদের বলেন, যারা পদ্মা সেতু বাস্তবায়ন চায় না, তারাই এ নিয়ে নানা ভিত্তিহীন অভিযোগ করছে। বিশ্বব্যাংকের কথিত দুর্নীতির তদন্তে দুর্নীতি দমন কমিশনও স¤পৃক্ত হয়েছে। দুর্নীতি দমন কমিশন বুধবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, এ বিষয়ে তথ্য-প্রমাণ চেয়ে বিশ্বব্যাংকের কাছে চিঠি পাঠিয়েছে তারা। তা পেলেই তাদের অনুসন্ধান শুরু হবে। অর্থমন্ত্রী এর আগে জানিয়েছিলেন, পদ্মা সেতু নির্মাণে নদী শাসন, পরামর্শক নিয়োগ এবং প্রাক যোগ্যতা যাচাই নিয়ে দুর্নীতি হয়েছে বলে বিশ্বব্যাংক মনে করছে। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২৯০ কোটি ডলার। বিশ্বব্যাংক ছাড়া এডিবি ৬১ কোটি, জাইকা ৪০ কোটি এবং ইসলামী উন্নয়ন ব্যাংক ১৪ কোটি ডলার ঋণ দিচ্ছে এ সেতু নির্মাণের জন্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/১৬০৫ ঘ.