২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনাবাহিনীর আধুনিকায়ন চলছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রযুক্তির উৎকর্ষের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীকেও আধুনিক করে গড়ে তোলা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2011, 08:26 AM

Updated : 24 Aug 2022, 04:31 PM

নীলফামারী, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রযুক্তির উৎকর্ষের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীকেও আধুনিক করে গড়ে তোলা হচ্ছে। বুধবার সৈয়দপুর সেনানিবাসে ইএমই সেন্টার অ্যান্ড স্কুলকে জাতীয় পতাকা প্রদান ও ইএমই কোরের চতুর্থ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ বিমানের একটি বিশেষ উড়োজাহাজে সকাল সাড়ে ৯টায় সৈয়দপুর বিমান বন্দরে নামেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সড়ক পথে গাড়িতে তিনি সেনানিবাসে যান। ইএমই কোরের কর্মকর্তা ও সৈনিকদের উদ্দেশে বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে ইএমই কোরের ১ হাজার ৪০০ জন বাঙালি সদস্য মহান মুক্তিযুদ্ধে অংশ নেয়। মুক্তিযুদ্ধে এ কোরের ১৬২ জন শহীদ হন। বীরত্বপূর্ণ অবদানের জন্য এই কোরের সাত জন সৈনিক বিভিন্ন খেতাবে ভূষিত। হাসিনা বলেন, "বর্তমান যুগ বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর। প্রযুক্তিগত উৎকর্ষের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়নে সরকার ইতোমধ্যে বেশকিছু পদক্ষেপ নিয়েছে।" এ ক্ষেত্রে মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজি, আর্মড ফার্সেস মেডিকেল কলেজ এবং আর্মড ফোর্সেস নার্সিং ইনস্টিটিইট প্রতিষ্ঠার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। সশস্ত্র বাহিনী আধুনিকায়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথাও তুলে ধরেন তিনি। সৈনিকদের খাবারের মান বাড়ানোর পাশাপাশি আবাসন সমস্যার সমাধানে সরকারের পদক্ষেপ নেওয়ার কথাও বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানও অনুষ্ঠানে ছিলেন। এছাড়াও ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সামসুল হক টুকু, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ ও স্থানীয় সংসদ সদস্যরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২২৫ ঘ.