২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন গোয়েন্দার ঘটনা তদন্ত করবে সরকার

পুলিশের তিন পরিদর্শককে আটক করা নিয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) টানাপড়েন শুরুর পর এ ব্যাপারে উচ্চ পর্যায়ের তদন্তের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2011, 03:51 PM

Updated : 24 Aug 2022, 04:31 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের তিন পরিদর্শককে আটক করা নিয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) টানাপড়েন শুরুর পর এ ব্যাপারে উচ্চ পর্যায়ের তদন্তের সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বরাষ্ট্র সচিব মনজুর হোসেন মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মন্ত্রণালয়ের একজনকে প্রধান করে তিন সদস্যের এই তদন্ত কমিটি হবে। এতে ঢাকা মহানগর পুলিশ এবং এনএসআইয়ের একজন করে প্রতিনিধি থাকবেন।" শিগগিরই এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করা হবে বলে সচিব জানান। অতিরিক্ত সচিব ইউনূসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাকেই এ কমিটির প্রধান করা হচ্ছে বলে সচিব জানিয়েছেন। এক ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে ঢাকা মহানগর ডিবির পরিদর্শক শফিউদ্দিন শেখ, রুহুল আমিন এবং গিয়াস উদ্দিনকে গত ৬ অক্টোবর রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালের সামনে থেকে আটক করে এনএসআই কর্মকর্তারা। ওইদিনই তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়। পুলিশ একটি তদন্ত কমিটি গঠন করে। এনএসআই কর্মকর্তারা বলছেন, ওই ব্যবসায়ীর কাছ থেকে তথ্য পেয়ে 'ভুয়া ডিবি' ধরার জন্য সেদিন হলি ফ্যামেলির সামনে ফাঁদ পেতেছিলেন তারা। আর তাতেই ধরা পড়েন পুলিশের তিন গোয়েন্দা। অন্যদিকে পুলিশের অভিযোগ, পরিচয় দেওয়ার পরও তিন গোয়েন্দাকে ধরে নিয়ে গিয়ে মারধর করে এনএসআই। এই পরিস্থিতিতে দৃশ্যত টানাপড়েন শুরু হয় সরকারের দুই সংস্থার ভেতরে। এরইমধ্যে এনএসআইয়ের পরিচালক (অভ্যন্তরীণ) মো. সফিক উল্লাহ সোমবার সাংবাদিকদের কাছে দাবি করেন, তিন গোয়েন্দাকে আটকের পর বিষয়টি প্রধানমন্ত্রীকেও জানানো হয়েছিল। প্রধানমন্ত্রী ব্যবস্থা নেওয়ার জন্যও বলেছিলেন। তার দাবি, "পুলিশের মধ্যে একটি গ্র"প এনএসআই এবং পুলিশ বিভাগের ভাবমূর্তি ক্ষুণœ করার চেষ্টায় লিপ্ত।" এই বিতর্কের মধ্যেই সরকারের ওপরের মহল থেকে বিষয়টি খতিয়ে দেখার উদ্যোগ নেওয়া হলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/২১৪৪ ঘ.