ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন জেলায় প্রায় দুইশ' মণ ইলিশ মাছ ও ৮০ হাজার মিটার কারেন্ট জাল আটক করা হয়েছে। জরিমানা করা হয় পাঁচজনকে।
এরমধ্যে রয়েছে বাগেরহাটে ৭৫ মণ ২০ কেজি, চাঁদপুরে ২ মণ এবং মুন্সীগঞ্জে ১২১ মণ।
আশ্বিনী পূর্ণিমার দিন এবং আগে ও পরের পাঁচদিন করে মোট ১১ দিন সময়কে ইলিশ প্রধান প্রজনন মৌসুম ধরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ৬ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা ও বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেছে।
বাগেরহাট প্রতিনিধি জানান, জেলা শহরের কেবি মাছবাজার থেকে মঙ্গলবার বিকালে ১৫ মণ জাটকা ও বড় ইলিশ মাছ আটক করেছে একটি ভ্রাম্যমাণ আদালত। এ সময় একজনকে জরিমানা করা হয়।
এর আগে সোমবার রাতে শহরের দড়াটানা সেতুর টোল প্লাজা থেকে একটি ক্যাভার্ড ভ্যান বোঝাই ৬০ মণ ইলিশসহ তিনজনকে আটক করে পুলিশ।
এছাড়া জেলা গোয়েন্দা পুলিশ প্রায় ২০ কেজি ইলিশসহ এক খুচরা বিক্রেতাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত দুইশ' টাকা জরিমানা আদায় করে তাকে ছেড়ে দেয়।
সদর উপজেলা নির্র্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলাম জানান, মঙ্গলবার বিকালে তিনি কেবি মাছবাজারে ভ্রম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় মাছ ব্যসায়ী মো. আল আমিনের কাছ থেকে চার হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সাফিন আহমেদ জানান, পিরোজপুরের পারেরহাট থেকে আসা কাভার্ড ভ্যানসহ আটক তিনজন হলেন-পটুয়াখালী সদরের মো. ইব্রাহিম (৩০), বরিশালের বাখেরগঞ্জের মো. কুদ্দুস খান (২৫), পিরোজপুরের শংকরপাশার মো. আল আমিন (৩৫)।
পরে তাদের সদর ইউএনও মো. শফিকুল ইসলামের ভ্রম্যমাণ আদালতে হাজির করা হয়।
বিচারক আটক তিনজনকে মোট নয় হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেন এবং জব্দ করা ইলিশ মাছ স্থানীয় একটি হিমাগারে সংরক্ষণের নির্দেশ দেন।
আগামী ১৭ অক্টোবর নিলাম দেওয়ার জন্য হিমাগারে সংরক্ষণ করা হয়েছে।
চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুরে মেঘনা নদী থেকে ৮০ কেজি ইলিশ মাছ ও ৮০ হাজার মিটার কারেন্ট জাল আটক করেছে কোস্টগার্ড।
সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার সকাল ৭টা পর্যন্ত সদর উপজেলার আলুরবাজার এলাকায় এ অভিযান চলে।
কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট জহুরুল হক বলেন, এই ঘটনায় কাউকে আটক করা হয়নি। আটক মাছ এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ এবং জাল শহরের ডাকাতিয়া নদীর তীরে পোড়ানো হয়।
মন্সীগঞ্জ প্রতিনিধি জানান, মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদী থেকে সোমবার রাতে ১২১ মণ মা ইলিশসহ একটি ইঞ্জিনচালিত নৌকা আটক করেছে কোস্টগার্ড।
কোস্টগার্ডের সাব লেফটেন্যান্ট ফেরদৌউস আহম্মেদ জানান, বরিশালের কালীগঞ্জ থেকে ট্রলাটি ইলিশ মাছ নিয়ে ঢাকা যাচ্ছিল।
জব্দ করা ইলিশ মাছ এতিমখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিতরণ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৮১৬ ঘ.
bdnews24