ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) দেশগুলোর মৃত্যুদণ্ডবিরোধী কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে ইইউ।
মৃত্যুদণ্ড বিলোপে জাতিসংঘের সদস্যভুক্ত দেশগুলোর প্রতি রোববার আহ্বান জানায় এ জোট।
গণমাধ্যম সম্পাদকদের কাছে পাঠানো এক চিঠিতে এ আহ্বান জানানো হয়।
১০ অক্টোবর মৃত্যুদণ্ডবিরোধী বিশ্ব ও ইউরোপীয় দিবস পালন করে থাকে ইইউ।
জাতিসংঘের ৬৫/২০৬ নম্বর প্রস্তাবের কথা উল্লেখ করে চিঠিতে বলা হয়, ওই প্রস্তাবে সদস্য দেশগুলোর প্রতি মৃত্যুদণ্ড কার্যকর থেকে বিরত থেকে এ দণ্ড বিলোপের আহ্বান জানানো হয়েছিলো।
মৃত্যুদণ্ডের বিরুদ্ধে নিজেদের কঠোর অবস্থানের কথাও চিঠিতে পুনর্ব্যক্ত করে ইইউ। সংস্থাটি বলেছে, "এই বিলোপ হচ্ছে মানবাধিকারের প্রতি শ্রদ্ধা এবং মানব মর্যাদা রক্ষার সমন্বিত অংশ।"
বাংলাদেশে ফ্রান্সের রাষ্ট্রদূত চার্লি কাউসেরেট, জার্মানির রাষ্ট্রদূত হলগার মিশেল, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত আলফোনস হেনেকেনস, সুইডেনের রাষ্ট্রদূত অ্যানেলি লিন্ডাল কেনি, ডেনমার্কের রাষ্ট্রদূত সেন্ড ওলিং, ইতালির রাষ্ট্রদূত জর্জো গুলিয়েলমিনো, স্পেনের রাষ্ট্রদূত লুইস তেহাদা চাকোন, ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত উইলিয়াম হানা ওই চিঠিতে স্বাক্ষর করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/এএল/পিডি/০১২৩ ঘ.
bdnews24