২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব ব্যাংকের অভিযোগ দুভাবে মোকাবেলার পরামর্শ

পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের তোলা দুর্নীতির অভিযোগ 'রাজনৈতিক ও কূটনৈতিকভাবে' মোকাবেলার পরামর্শ দিয়েছে যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2011, 02:31 PM

Updated : 24 Aug 2022, 04:30 PM

ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের তোলা দুর্নীতির অভিযোগ 'রাজনৈতিক ও কূটনৈতিকভাবে' মোকাবেলার পরামর্শ দিয়েছে যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে রোববার এ কথা বলা হয়। বৈঠকে পদ্মা সেতুর নির্মাণ কাজে বিলম্বের কারণগুলো উপস্থাপন এবং বর্তমান অগ্রগতি বিষয়ে আলোচনা হয়। এতে সর্বাধিক অগ্রাধিকার দিয়ে পদ্মা সেতু নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। প্রয়োজনে পদ্মা সেতুর নির্মাণ কাজে দেশের বিত্তবান জনগণসহ সব শ্রেণীর সহযোগিতায় দূরদৃষ্টি নিয়ে এগিয়ে যাওয়ার সুপারিশ করা হয় বৈঠকে- বলা হয় বিজ্ঞপ্তিতে। বিশ্বব্যাংক উত্থাপিত দুর্নীতির অভিযোগ রাজনৈতিক ও কূটনৈতিকভাবে মোকাবেলার পরামর্শ দিয়ে বৈঠকে বলা হয়, দেশের উন্নয়নে বাধা সৃষ্টিকারী দুষ্টচক্রের পরিচয় জনগণকে জানাতে হবে। পদ্মা সেতু প্রকল্প তদারকির জন্য প্রাক নির্বাচনী তালিকায় থাকা কানাডীয় প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনের বিরুদ্ধে স¤প্রতি দুর্নীতির অভিযোগ ওঠে। বিশ্ব ব্যাংকের অনুরোধে কানাডার পুলিশ বিষয়টি তদন্ত করছে। এ অবস্থায় বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক সভায় অংশ নিয়ে দেশে ফেরার পর রোববার অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, "বিশ্ব ব্যাংকের সভায় পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ নিয়ে আলোচনা হয়েছে।" নিউ ইয়র্কে তার সঙ্গে সাক্ষাৎকারের ভিত্তিতে শুক্রবার পদ্মা সেতুর অর্থায়ন নিয়ে সংবাদ প্রকাশ করে দেশের প্রধান বাংলা দৈনিকগুলো। এতে অর্থমন্ত্রীকে উদ্ধৃত করে বলা হয়, পদ্মা সেতু নিয়ে ব্যাপক দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ রয়েছে বিশ্বব্যাংকের। যোগাযোগ মন্ত্রণালয়ের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের সুরাহা না হওয়া পর্যন্ত পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংক সাহায্য বন্ধ রাখার কথা জানিয়েছে। এ বিষয়ে প্রশ্ন করা হলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "কোনো পত্রিকায় বিষয়টি প্রোপারলি রিপোর্ট করা হয়নি। প্রথম আলো, যুগান্তর, সমকাল- কোথাও ইট ওয়াজ নট প্রোপারলি রিপোর্টেড।" প্রকৃত ঘটনা জানতে চাইলে মন্ত্রী বলেন, "এ বিষয়ে এ মুহূর্তে আমি কোনো মন্তব্য করবো না। আগামীকাল (সোমবার) আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে প্রকৃত ঘটনা তুলে ধরবো। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২৯০ কোটি ডলার। এর মধ্যে বিশ্ব ব্যাংক ১২০ কোটি, এডিবি ৬১ কোটি, জাইকা ৪০ কোটি এবং ইসলামী উন্নয়ন ব্যাংক ১৪ কোটি ডলার ঋণ দিচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২০২৬ ঘ.