২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার জেলায় সাড়ে পাঁচ হাজার কেজি ইলিশ আটক

বরগুনা, পিরোজপুর, নোয়াখালী ও বাগেরহাট জেলায় পৃথক অভিযানে পাঁচ হাজার ৬২৬ কেজি ইলিশ মাছ আটক করেছে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2011, 02:21 PM

Updated : 24 Aug 2022, 04:30 PM

ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনা, পিরোজপুর, নোয়াখালী ও বাগেরহাট জেলায় পৃথক অভিযানে পাঁচ হাজার ৬২৬ কেজি ইলিশ মাছ আটক করেছে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরমধ্যে রয়েছে বরগুনায় ৫,৩৮১ কেজি, পিরোজপুরে ১০০ কেজি, নোয়াখালীতে ৬৫ কেজি এবং বাগেরহাটে ৮০ কেজি। এছাড়া বরগুনা, নোয়াখালী, চাঁদপুর ও বাগেরহাট থেকে দুই লাখ মিটারেরও বেশি বিভিন্ন ধরনের জাল আটক করা হয়। প্রজনন মৌসুমে ইলিশ মাছ ধরা নিষিদ্ধ থাকায় শনিবার ও রোববার এ অভিযান চালানো হয়। আশ্বিনী পূর্ণিমার দিন এবং এর আগের ও পরের পাঁচদিন করে মোট ১১ দিন সময়কে ইলিশের প্রধান প্রজনন মৌসুম ধরে ৬ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে মৎস্য বিভাগ জানিয়েছে। বরগুনা প্রতিনিধি জানান, পাথরঘাটা থানা পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা শনিবার রাতে পৃথক অভিযানে বঙ্গোপসাগর, বিষখালী নদী ও পায়রা নদী থেকে পাঁচ হাজার ২৩০ কেজি ইলিশ মাছ, পাঁচ হাজার মিটার ইলিশ ধরা জাল, ৪০ হাজার মিটার কারেন্ট জাল ও পাঁচ হাজার মিটার সাইন জাল আটক করেছে। উদ্ধার করা ইলিশ মাছ ও জাল পাথরঘাটা ও আমতলী মৎস্য বিভাগে সোপর্দ করা হয়েছে। এছাড়া আমতলী উপজেলায় রোববার উপজেলা মৎস্য অফিস ও কোস্টগার্ড যৌথ অভিযান চালিয়ে পায়রা নদী থেকে ১২০ কেজি মা ইলিশ ও পাঁচ হাজার মিটার অবৈধ সাইন জাল এবং বিভিন্ন বাজার থেকে ৩১ কেজি ডিমওয়ালা ইলিশ আটক করেছে। পাথরঘাটা কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার সাব লেফটেন্যান্টন হারুন অর রশিদ জানান, তারা বিষখালী নদী ও বঙ্গোপসাগর থেকে ৩০ কেজি জাটকা ইলিশ ও ৪৫ হাজার মিটার বিভিন্ন ধরনের জাল আটক করেছেন। পাথরঘাটা থানার উপ-পরিদর্শক খোকন হাওলাদার জানান, শনিবার সন্ধ্যায় দু'টি ট্রলারসহ ৫ হাজার ২'শ ইলিশ আটক করেছেন তারা। ডিমওয়ালা প্রতিটি মাছের ওজন কমবেশি এককেজি বলে তিনি জানান। পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা দেবব্রত কবিরাজ জানান, উদ্ধারকৃত মাছ আপাতত হিমায়িত করে রাখা হয়েছে। পরে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আমতলী উপজেলা মৎস্য কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, সকিনা কন্টিজেন্টের কোস্টগার্ডের সহায়তায় রোববার সকালে তারা পায়রা নদীর তালতলী-ফকিরহাট এলাকা থেকে ৫ হাজার মিটার অবৈধ সাইন জাল এবং কয়েকটি জেলে নৌকা থেকে ১২০ কেজি মা ইলিশ আটক করেন। পরবর্তীতে উপজেলার আরপাঙ্গাসিয়া, কচুপাত্রা ও কড়ইবাড়িয়া বাজার থেকে আরো ৩১ কেজি ডিমওয়ালা ইলিশ আটক করা হয়। এ সময় কাউকে আটক করা যায়নি বলে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড জানিয়েছে। পিরোজপুর প্রতিনিধি জানান, সদর উপজেলার পাড়েরহাট মৎস্য বন্দর থেকে শনিবার রাতে ডিমওয়ালা ১৫শ কেজি ইলিশ মাছ আটক করেছে র‌্যাব। বরিশাল র‌্যাব-৮ এর উপ-সহকারী পরিচালক (ডিএডি) সাজ্জাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদ পেয়ে এফবি জসিম নামের একটি মাছধরা ইঞ্জিনচালিত ট্রলার থেকে ১৫শ' কেজি ইলিশ আটক করা হয়। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ও ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেনের উপস্থিতিতে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় মাছগুলো বিতরণ করা হয়। মৎস্য বন্দর আড়ৎদার সমিতির সহ-সভাপতি মো. সেলিম মিয়া সাংবাদিকদের জানান, আটক ইলিশগুলো নিষিদ্ধ সময় শুরু হওয়ার আগে সাগর থেকে ধরেছে জেলেরা। নোয়াখালী প্রতিনিধি জানান, হাতিয়া উপজেলায় মেঘনা নদী থেকে ৬৫ কেজি ইলিশ মাছ ও ৬০ হাজার মিটার জাল আটক করেছে কোস্টগার্ড। রোববার ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হারুনুর রশীদের নেতৃত্বে মেঘনার কাজিরবাজার থেকে নলচিরা ঘাট পর্যন্ত কোস্টগার্ড এ অভিযান চালায়। উদ্ধার করা জালগুলো পুড়িয়ে ফেলা হয় এবং মাছগুলো এতিমখানায় বিতরণ করা হয়েছে। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান ও কোস্টগার্ডের পেটি অফিসার আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। এদিকে রোববার ভোরে মেঘনায় মাছ শিকারের উদ্যোগ নিলে চাঁদপুরে ৯০ হাজার মিটার কারেন্ট জাল আটক করেছে কোস্টগার্ড। কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট জহুরুল হক জানান, আটক করা জালের মূল্য প্রায় ৫১ লাখ ৩০ হাজার টাকা। এসব জাল ডাকাতিয়া নদীর তীরে পুড়িয়ে ফেলা হয়। বাগেরহাট প্রতিনিধি জানান, মোরেলগঞ্জ বাজার থেকে ভ্রাম্যমাণ আদালত রোববার দুপুরে ৮০ কেজি ইলিশ মাছ আটক করেছে। এছাড়া বলেশ্বর নদের সন্ন্যাসী খালে জাটকা ধরার জন্য পেতে রাখা দুইশ' মিটার অবৈধ জাল আটক করা হয়। এ সময় কাউকে গ্রেপ্তার করা যায়নি। উদ্ধার করা ইলিশ মাছ স্থানীয় কয়েকটি এতিমখানায় শিশুদের খাওয়ার জন্য বিতরণ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জোহর আলী জানান, আদম, হাসান ও এসকেন্দার নামে মোরেলগঞ্জ বাজারের তিন জন মাছ ব্যবসায়ীর কাছ থেকে ৮০ কেজি ইলিশ আটক করা হয়। একই অভিযানে সন্নাসী খাল থেকে দুইশ' মিটার অবৈধ জালও উদ্ধার করা হয়। এই জাল ধ্বংস করা হয়েছে। এছাড়া শনিবার বলেশ্বর নদী থেকে শরণখোলা উপজেলা প্রশাসন ও কোস্টগার্ড ছয় হাজার মিটার বিভিন্ন ধরনের অবৈধ জাল আটক করেছে। রোববার বিকালে কোস্টগার্ড শরণখোলা কনটিনজেন্ট চত্বরে এসব জাল পুড়িয়ে ফেলা হয়। কোস্টগার্ডের শরণখোলা কনটিনজেন্ট কমান্ডার চিফ পেটি অফিসার আবু বক্কর সিদ্দিক জানান, ইলিশ ধরার উপর নিষেধাজ্ঞা থাকায় কিছু অসাধু মৎস্যজীবী বলেশ্বর নদে বেন্দি জাল, চরগড়া ও জাটকা ধরা জাল পেতে ইলিশ ধরার চেষ্টা করছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২০০০ ঘ.