নয়া দিল্লি, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ও ভারতের সশস্ত্র বাহিনী ১৪ দিনের যৌথ সামরিক মহড়া শুরু করছে রোববার।
সিলেটে শুরু হতে যাওয়া এ মহড়ায় অংশ নেবে দুদেশের সেনাবাহিনীর বিশেষ কমান্ডোরা।
ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তারা শনিবার নয়া দিল্লিতে বলেন, "অপারেশন স¤প্রীতি নামে দুদেশের সেনাবাহিনীর মধ্যে যে যৌথ সামরিক মহড়া শুরু হয়েছে তার দ্বিতীয় ধাপ হিসেবে রোববারের ওই মহড়া শুরু হচ্ছে।"
প্রতিবেশি এই দুই দেশের সম্পর্কোন্নয়ন এবং দুদেশের সেনাবাহিনীর মধ্যে পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য ওই যৌথ মহড়ার আয়োজন করা হয়।
২০১০ সালের নভেম্বরের এক থেকে চার তারিখ পর্যন্ত আসামের জরহাটে এ মহড়ার প্রথম ধাপ অনুষ্ঠিত হয়।
মহড়ায় অংশ নিতে শনিবার ভারতের বিমান বাহিনীর একটি বিমানে করে সেদেশের ২৫ জন সেনা সদস্য সিলেট যান।
এ যৌথমহড়ায় ভারতীয় সেনাবাহিনী এলিট ইউনিটের প্রায় ৪০ জন সদস্যের অংশ নেওয়ার কথা রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্যারা-কমান্ডো ইউনিট ওই মহড়ায় অংশ নেবে।
২২ অক্টোবর শেষ হবে এ যৌথ মহড়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/পিডি/২৩৪০ ঘ.
bdnews24