বাগেরহাট, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটে এক বাস দুর্ঘটনায় দুই জন নিহত এবং ২০ জন আহত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বাগেরহাট-খুলনা সড়কে ষাটগম্বুজ মসজিদের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন- পিরোজপুরের জিয়ানগর উপজেলার কালাইয়া গ্রামের আনিছুর রহমান হাওলাদারের ছেলে হাওলাদার সাইফুল ইসলাম (১৯) এবং নাজিরপুর উপজেলার বেলুয়া মুগার্ঝো গ্রামের আজাহার আলীর স্ত্রী জোহরা বেগম (৭০)।
বাগেরহাট মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খুলনা থেকে পিরোজপুরগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগায়। এতে ঘটনাস্থলে দুই যাত্রী নিহত হন এবং অন্তত ২০ জন আহত হন।
আহতদের মধ্যে ১১ জনকে বাগেরহাট সদর হাসপাতালে এবং চার জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীনরা হলেন- এনামুল হক (৪০), রিজিয়া পারভীন (৬৩), আব্দুস সালাম (৫০), আবুল কালাম (৩৪), আব্দুর রহমান হাওলাদার (৬৫), সাহেব আলী খলিফা (৭০), রোকেয়া বেগম (৪০), রিজিয়া (৭০), শাহ আলম শরীফ (৬০), ছায়েরা খাতুন (৭৫), আব্দুল কাদের শরীফ (৮০), নূরজাহান বেগম (৪০)। এদের সবার বাড়ি পিরোজপুর ও ঝালকাঠী জেলার বিভিন্ন গ্রামে।
বাসটি আটক করা হয়েছে, তবে এর চালক পালিয়েছে বলে পুলিশ জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৪৫১ ঘ.
bdnews24