২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণশিক্ষা প্রতিমন্ত্রীর গাড়িতে ট্রেন ইঞ্জিনের ধাক্কা

গাড়িতে ট্রেন ইঞ্জিনের ধাক্কা লাগলেও অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হাসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2011, 04:02 PM

Updated : 24 Aug 2022, 04:28 PM

লালমনিরহাট, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাড়িতে ট্রেন ইঞ্জিনের ধাক্কা লাগলেও অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হাসেন। বৃহস্পতিবার রাত ৮টার পর লালমনিরহাটের হাতিবান্ধায় এ ঘটনা ঘটে। এতে প্রতিমন্ত্রী সামান্য আঘাত পান। আহত হন আরো চারজন। হাতিবান্ধা উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সাজ্জাদ হোসেন সাগর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাতিবান্ধায় দলের এক সভায় অংশ নেওয়ার পর রাত সাড়ে ৮টার দিকে নিজের গাড়িতে করে লালমনিরহাট শহরের বাড়িতে ফিরছিলেন মোতাহার হোসেন। বড়খাতা রেলগেট পার হওয়ার সময় রেললাইন ধরে আসা একটি খালি ইঞ্জিন তার গাড়িকে ধাক্কা দেয়। "প্রতিমন্ত্রীর গাড়ির সামনে পুলিশের একটি জিপ ছিল। সেটি রেলগেট পেরিয়ে যেতে পারলেও প্রতিমন্ত্রীকে বহনকারী গাড়ির চালক সময়মতো পার হতে পারেননি। ফলে শান্টিংয়ের জন্য আসা খালি ইঞ্জিনটি তার গাড়িকে ধাক্কা দেয়। এতে গাড়ির একটি অংশ দুমড়ে যায়।" হাতিবান্ধা থানার ওসি এনামুল করিম বলেন, প্রতিমন্ত্রী সামান্য ব্যথা পেয়েছেন। গাড়িতে থাকা তার এপিএস শ্যামল, গানম্যান এএসআই মনির এবং আমিনুর নামে আরেকজনও আহত হয়েছেন। এছাড়া নইমুদ্দিন মিয়া (৫০) নামের এক পথচারীকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি। এ ঘটনায় রেল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ইঞ্জিনের দুই চালক মোজাহার ও আবুল কালাম এবং ট্রেনের পরিচালক আরিফুল হককে সাময়িক বরখাস্ত করেছে। রেলওয়ের বিভাগীয় ম্যানেজার আব্দুল হাই জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিকে ৩ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএইচ/সিএস/জেকে/২১৪১ ঘ.