২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুফি গবেষক আহমদুল স্মরণে সভা

সুফি গবেষক সৈয়দ আহমদুল হক স্মরণে সভা ও সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2011, 11:26 AM

Updated : 24 Aug 2022, 04:29 PM

ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুফি গবেষক সৈয়দ আহমদুল হক স্মরণে সভা ও সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার বিকাল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন অডিটোরিয়ামে এই অনুষ্ঠান হবে বলে বৃহস্পতিবার আল্লামা রুমি সোসাইটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে বলা হয়, অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। বার্ধক্য জনিত রোগে ভুগে গত ৫ সেপ্টেম্বর চট্টগ্রামের একটি হাসপাতালে মারা যান আহমদুল হক (৯৩)। মাইজভাণ্ডারি তরিকার অনুসারী আহমদুল সুফি তত্ত্ব গবেষণার জন্য আল্লামা রুমি সোসাইটি গড়ে তোলেন। আহমদুল হকের জন্ম ১৯১৮ সালের ১ সেপ্টেম্বর চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়নের জয়নগর গ্রামে। ১৯৪২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে এমএ ডিগ্রি নেওয়ার পর বৈরুতের আমেরিকান বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসনেও এমএ ডিগ্রি নেন তিনি। আহমদুল হক চট্টগ্রাম কলেজে শিক্ষকতার মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন। পরে সরকারি চাকরিতে যোগ দেন তিনি। তিনি বিসিক এর সচিব, শিক্ষা বিভাগের উপপরিচালক ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিচালকের দায়িত্ব পালন করেন। ১৯৮০ সালে অবসরে যাওয়ার পর গবেষণায় মন দেন তিনি। আহমদুলের লেখা বইয়ের মধ্যে রয়েছে- প্রবন্ধ বিচিত্রা, মসনবী শরিফের পয়গাম ও তফসির বাণী ও ভাষ্য, মসনবী শরিফের কাহিনী ও মর্মবাণী, ফার্সি গজল সঙ্কলন, চট্টগ্রামের শিল্প ও বাণিজ্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ/১৭২২ ঘ.