চট্টগ্রাম, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে এক সহকর্মীর ছুরিকাঘাতে নেভি সিগারেট কোম্পানির এক কর্মচারী নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নগরীর বন্দর থানার নেভি গেইট এলাকায় বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের নাম বজলুর রহমান (২৫)। এ ঘটনায় তার সহকর্মী কাউছারকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।
বন্দর থানার ওসি মতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পূর্ব শত্র"তার জেরে বজলুরকে হত্যা করা হয়ে থাকতে পারে।
"অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই বজলুর মারা যান। তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।"
ওসি জানান, ছুরি মেরে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় বাসিন্দারা কাউছারকে ধরে পিটুনি দেয়। তিনি বর্তমানে পুলিশ হেফাজতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় বন্দর থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এএইচ/০৩১৫ ঘ.
bdnews24