২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওরা যাবে ৩০০০ মাইল

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় গ্রামীণ জনগোষ্ঠীকে সচেতন করতে শুরু হচ্ছে প্রচারাভিযান '৩০০০ মাইলস টু গো'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2011, 08:38 PM

Updated : 24 Aug 2022, 04:28 PM

ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় গ্রামীণ জনগোষ্ঠীকে সচেতন করতে শুরু হচ্ছে প্রচারাভিযান '৩০০০ মাইলস টু গো'। তথ্যচিত্র নির্মাতা তানজিলুর রহমানের নেতৃত্বে ১০ জনের একটি দল এ প্রচারাভিযানে অংশ নিচ্ছেন। বাংলাদেশের ৬৪ জেলা ঘুরবেন তারা। এ সময় 'হিমালয় থেকে বঙ্গোপসাগর' শিরোনামে ১০টি তথ্যচিত্র দেখানো হবে- যার মূল প্রতিপাদ্য জলবায়ু পরিবর্তন এবং প্রকৃতি ও মানুষের ওপর তার প্রভাব। 'জলবায়ু পরিবর্তন' বলতে আসলে কী বোঝানো হচ্ছে, আর এ দেশের মানুষের ওপর তার কী প্রভাব পড়ছে- তা জানাতে সাধারণ মানুষের সঙ্গে জেলায় জেলায় হবে মতবিনিময়। বৃহস্পতিবার পরিবেশ ও বন প্রতিমন্ত্রী ড. হাসান মাহমুদ হোটেল রূপসী বাংলায় এ প্রচারাভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তবে আগামী সপ্তাহে এ প্রচারাভিযান মাঠে নামবে বলে জানান তানজিল। জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে এদিন ওই প্রচারাভিযানের পাশাপাশি ক্লাইমেট ফোর ক্লাসরুম (http://uk.climate4classrooms.org/) নামে একটি ওয়েবসাইটেরও উদ্বোধন করা হয়। ব্রিটিশ কাউন্সিল ও ওয়াইল্ডআই যৌথভাবে এ প্রচারণায় সহযোগিতা দিচ্ছে। পৃষ্ঠপোষক হিসেবে তাদের সঙ্গে আরো আছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। এ উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন সম্পর্কে তৃণমূল পর্যায়ে সচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এ রোড শো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও সময় টিভি এই প্রচারাভিযানের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এএইচ/জেকে/০২১৮ ঘ.