ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর ঘোড়াশাল এবং ভৈরবে দুটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে চট্টগ্রাম, সিলেট ও কিশোরগঞ্জের রেল যোগাযোগ প্রায় ৮ ঘণ্টা বন্ধ থাকে।
এ সময় অন্তত পাঁচটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। অবর্ণনীয় ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের।
উদ্ধারকারী ট্রেন এসে দুর্ঘটনাকবলিত বগিগুলো সরিয়ে নিলে রাত দেড়টার দিকে আবার ট্রেন চলাচল শুরু হয়।
নরসিংদীর স্টেশন মাস্টার আবুল হোসেনের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি জানান, বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে ঘোড়াশালের আপ পয়েন্টে কন্টেইনারবাহী 'স্পেশাল ৮০৪ ডাউন' ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-সিলেট লাইন বন্ধ হয়ে যায়।
এর ঘণ্টা খানেকের মাথায় ভৈরব স্টেশনের হোম সিগনাল অতিক্রম করার সময় চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী একটি মালবাহী ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়। ফলে ঢাকা-কিশোরগঞ্জ, ঢাকা-নোয়াখালী এবং কিশোরগঞ্জ হয়ে চট্টগ্রাম-ময়মনসিংহ লাইনেও ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
ভৈরবের স্টেশন মাস্টার আ. মোতালিব আমাদের প্রতিনিধিকে জানান, আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন ভৈরবে গিয়ে কাজ শুরু করলেও পরে নিজেই লাইনচ্যুত হয়। ফলে উদ্ধারকাজও বন্ধ হয়ে যায়। পরে আরেকটি উদ্ধারকারী ট্রেন এসে কাজ শুরু করে।
নরসিংদীর স্টেশন মাস্টার আবুল হোসেন জানান, চট্টগ্রাম থেকে আসা চট্টলা এক্সপ্রেসকে ক্রসিং দিতে চট্টগ্রামগামী মালবাহী ট্রেনটির চালক স্টেশনের কাছে এসে থামার জন্য ব্রেক কষেন। কিন্তু এতে প্রায় ৫০ ফুট লাইন ছিড়ে ইঞ্জিনসহ ট্রেনটির দুটি বগি পাশের খাদে গিয়ে পড়ে।
দুর্ঘটনার পরপরই মালবাহী ট্রেনের চালক পালিয়ে যায়। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেসের চালক পরিস্থিতি বুঝে ট্রেন থামিয়ে ফেলায় যাত্রীরা অল্পের জন্য রক্ষা পান।
ভৈরবে উদ্ধারকাজ শেষে উদ্ধারকারী ট্রেন ঘোড়াশালে উদ্ধার অভিযান শুরু করে। রাত দেড়টার দিকে একটি লাইন উন্মুক্ত হলে আবার ট্রেন চলাচল শুরু হয় বলে নরসিংদীর স্টেশন মাস্টার আবুল হোসেন জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এমএইচসি/এমএইচ/জেকে/০১৪৪ ঘ.
bdnews24