হবিগঞ্জ, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার একটি গ্রামে চোরের ছুরিকাঘাতে এক গৃহকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ।
বুধবার ভোর রাত ৩টার দিকে চুনারুঘাটের সুন্দরপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহত শানু মিয়া খন্দকার (৩০) সুন্দরপুর গ্রামের মৃত আকরাম হোসেন খন্দকারের ছেলে।
এ ঘটনায় জড়িত সন্দেহে আটক করা হয়েছে সুন্দরপুর বাজারের পাহাড়াদার আকল মিয়া (৪০) ও দরবেশ আলীকে (৪২)।
এলাকাবাসীর বরাত দিয়ে চুনারুঘাট থানার ওসি সৈয়দ মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ৩টার দিকে শানু খন্দকারের বাড়িতে কয়েকজন চোর ঢোকে। চোরের উপস্থিতি টের পেয়ে শানু তাদের ধাওয়া করেন। এক পর্যায়ে গ্রামের মখলিছ মিয়ার পুকুড়পাড়ে পৌঁছলে চোরদের সঙ্গে তার ধস্তাধস্তি হয়।
ধস্তাধস্তির সময় চোরেরা শানুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
খবর পেয়ে সকাল ৮টায় চুনারুঘাট থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে বলে জানান পুলিশ কর্মকর্তা মাহবুবুর।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে জানার ওসি মাহবুবুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৩৫০ ঘ.
bdnews24