সিরাজগঞ্জ, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি জায়গা দখল নিয়ে দু'পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় সিরাজগঞ্জে কাজীপুর উপজেলার একটি বাজারে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনামূখী ইউনিয়নের হরিনাথপুর বাজারে সভা-সমাবেশের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করে বলে জানায় পুলিশ।
কাজীপুর থানার ওসি নুরে আলম সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাজারের একটি জায়গার দখল নিয়ে স্থানীয় সাইফুল ইসলাম ও আব্দুর রাজ্জাক খোন্দকারের মধ্যে দীর্ঘদিন ধরে মামলা ও দ্বন্দ্ব চলছে। জায়গাটি দখল নিতে উভয় পক্ষই গত কয়েকদিন ধরে সশস্ত্র মহড়া দিচ্ছে।
এ অবস্থায় সহিংসতা এড়াতে ওই বাজারে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়। এলাকায় মাইকিং করে ১৪৪ ধারা জারির ঘোষণা দেওয়া হয়েছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৮০৫ ঘ.
bdnews24