ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাখ্যান করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, "প্রধানমন্ত্রীকে বলতে চাই- বাস্তবতার মুখোমুখি হউন। চরম বিপর্যয়ের আগে জনগণের দাবি মেনে নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন। জনগণকে তাদের পছন্দ মতো সরকার বেছে নিতে সুযোগ দিন।"
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত শনিবার এক সংবাদ সম্মেলনে বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়াই আগামী নির্বাচন হবে এবং তাতে বিরোধী দলকে অংশ নিতে হবে।
তার এ বক্তব্যের প্রতিক্রিয়া এক দিন পরই জানালো বিএনপি। তবে বিরোধী নেতারা আগে থেকেই বলে আসছেন, দলীয় সরকারের অধীনে নির্বাচনে বিএনপি যাবে না।
ফখরুল বলেন, "প্রধানমন্ত্রী জনগণের মনের কথা বুঝতে ও চোখের ভাষা পড়তে ব্যর্থ হয়েছেন। দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলার চরম অবনতি, শেয়ারবাজারে বিপর্যয়, অর্থনীতির বিপর্যস্ত অবস্থা, নতজানু পররাষ্ট্রনীতি দেশের মানুষের আশা ভঙ্গ করেছে।
"দলীয় সরকারের অধীনে নির্বাচনের উদ্যোগের মাধ্যমে সরকার অতীতের মতো জোর করে দেশকে এক অনিশ্চয়তা, অস্থিতিশীলতা ও অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে, যা দেশের মানুষ মেনে নেবে না।"
বিরোধী দল নির্বাচনে আসবে বলে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের সমালোচনা করে ফখরুল বলেন, "রাজনীতি করলে উনাকে (বিরোধীদলীয় নেতা) নির্বাচনে আসতেই হবে- গণতন্ত্রের প্রতি উনার (প্রধানমন্ত্রী) এমনই কমিটমেন্ট যে অন্য রাজনৈতিক দল কী সিদ্ধান্ত নেবে- তা তিনি ডিক্টেট করছেন।"
"এই বক্তব্যের মধ্য দিয়ে তার অগণতান্ত্রিক স্বৈরাচারী মনোভাবের প্রকাশ পেয়েছে। তিনি (প্রধানমন্ত্রী) গণতান্ত্রিক সহনশীলতা ও আলোচনা-সমঝোতা বিশ্বাস করেন না। এটা আওয়ামী লীগের চারিত্রিক বৈশিষ্ট্য। অতীতেও একই কারণে তারা একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলো," বলেন তিনি।
সবার সঙ্গে আলোচনা করে নির্বাচন কমিশন গঠনের দাবিও জানান ফখরুল। "নির্বাচন কমিশনের ব্যাপারে আমাদের বক্তব্য- সবার সঙ্গে আলোচনা একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে হবে।"
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ফখরুলের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ টুকু, খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৫২০ ঘ.
bdnews24