ঝালকাঠী, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পা হারানো কলেজছাত্র লিমনের মায়ের দায়ের করা মামলায় র্যাবের সোর্স হিসেবে পরিচিত এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত রাজিয়া বেগম (৩৫) ঝালকাঠীর রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামের হান্নান জমাদ্দারের স্ত্রী।
অবৈধভাবে পথরোধ, চাঁদা দাবি ও ভয়-ভীতি দেখানোর অভিযোগে রোববার বিকালে লিমনের মা হেনো আরা বেগম সাত জনকে আসামি করে মামলাটি করেন। অপর ছয় আসামি হলেন- ইব্রাহিম হাওলাদার, বাদশা আকন, হান্নান জমাদ্দার, মানিক জমাদ্দার,আলম জমাদ্দার ও দীলিপ জমাদ্দার।
এদের সবার বাড়ি ঝালকাঠীর রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামে।
হেনো আরা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত শুক্রবার সকালে বাড়ি যাওয়ার পথে সাতুরিয়া এলাকায় জমাদ্দার বাড়ির স্টিল ব্রিজের কাছে অভিযুক্তরা তার পথরোধ করে অর্থ দাবি করে এবং হুমকি দেয়।"
আসামিরা নিজেদের র্যাবের লোক পরিচয় দিয়ে আসছে বলেও অভিযোগ করেন লিমনের মা হেনো আরা।
মামলার তদন্ত কর্মকর্তা রাজাপুর থানার উপ-পরিদর্শক শফিকুল ইসলাম জানান, রাজিয়া বেগমকে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।
এ বছরের ২৩ মার্চ বিকেলে ঝালকাঠীর সাতুরিয়া গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে কলেজছাত্র লিমন র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে পা হারায় ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৯৪৯ ঘ.
bdnews24