ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলা, লক্ষ্মীপুর ও শেরপুরে সোমবার সড়ক দুর্ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে। আহত হন পাঁচজন।
এরমধ্যে ভোলায় তিনজন নিহত, লক্ষ্মীপুরে একজন নিহত, চার জন আহত এবং শেরপুরে তিনজন নিহত ও এক পুলিশসহ দুইজন আহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর-
ভোলা: ভোলা-চরফ্যাশন সড়কের গজারিয়ায় দুপুরে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী একটি মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন- লালমোহন উপজেলার শাহবাজপুর কলেজের ছাত্র মো. সুমন (২০), এসএসসি পরীক্ষার্থী মো. রিয়াদ (১৭) ও হোটেল কর্মচারী ফিরোজ (২৬)।
এ ঘটনার পর থেকে উত্তেজিত জনতা বাসটি জ্বালিয়ে দেয় এবং দুপুর থেকে ওই সড়কে যানচলাচল বন্ধ করে রাখে।
লালমোহন থানার ওসি দেলোয়ার হোসেন খান বলেন, এ ঘটনায় নিহত সুমনের চাচা সেলিম ফরাজী বাসের চালক ও সহকারীকে আসামি করে লালমোহন থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
সুমন ও রিয়াদের বাড়ি লালমোহনের গজারিয়া ফরাজী বাড়ি এবং ফিরোজের একই এলাকার ব্যাপারী বাড়ি।
লক্ষ্মীপুর: সদর উপজেলার ভোলা-বরিশাল-লক্ষ্মীপুর সড়কের কাদিরার গোজায় দুপুরে একটি সিএনজি চালিত অটোরিকশা ও বালু বোঝাই একটি পিকাপের মুখোমুখি সংঘর্ষে নিহত হন চর রমণীমোহনের আবদুল খালেক (৭০)।
আহত হন সোহগ, দেলোয়ার ও তাহের। তাদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
লক্ষ্মীপুর থানার ওসি গোলাম সরোয়ার জানান, ঘটনার পর উত্তেজিত জনতা ট্রাকটি ভাংচুর করে রাস্তা অবরোধের চেষ্টা করলে পুলিশ ও ফায়ারকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
শেরপুর: সকালে শেরপুর-টাঙ্গাইল বাসস্ট্যান্ড এলাকার অষ্টমীতলায় বাস চাপায় তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন এক পুলিশ সদস্যসহ দুইজন।
নিহতরা হলেন- শহরের পূর্ব শেরী এলাকার মোক্কাস আলী (৫৫), খোয়ারারপাড়ার কাজল মিয়া (৪৫) এবং সদর উপজেলার প্রতাবিয়া গ্রামের দানেজ আলী ওরফে দানু (৬৫)।
পুলিশ জানিয়েছে, ঘটনার পর স্থানীয়রা আহত শেরপুর পুলিশ লাইনের কনস্টেবল মঈনুল হককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং উজ্জ্বলকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করেছে।
সদর থানার ওসি আকরাম হোসেন জানান, সকাল ৮টার দিকে একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে অষ্টমীতলায় সড়কের পাশে একটি ফার্নিচারের দোকান এবং একটি মনোহারী দোকানের ভিতর ঢুকে যায়। এ সময় ঘটনাস্থলে মোক্কাস ও কাজল এবং হাসপাতালে নেওয়ার পথে দানু মারা যান।
দুর্ঘটনার পরই বাসের চালক পালিয়ে গেছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এলএন/ডিডি/১৯১৯ ঘ.
bdnews24