ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লায় বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ছাত্রদল ও যুবদলের একাংশের হামলার অভিযোগ পাওয়া গেছে।
এ সময় বিএনপির কেন্দ্রীয় সদস্য কণ্ঠশিল্পী আসিফ আকবরের ওপর হামলা হয়। তবে তিনি অক্ষত আছেন।
সোমবার দুপুর ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলেখারচরে একটি হোটেলে এ ঘটনা ঘটে।
কণ্ঠশিল্পী আসিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমার প্রাণনাশের জন্যই জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজি আমিনুর রশিদ ইয়াছিনের শ্যালক জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নিজামুদ্দিন কায়সার ও তার সহযোগিরা এ হামলা চালায়। তবে আমার সমর্থকরা এগিয়ে আসায় বেঁচে গেছি।"
এ সময় ছাত্রদলের ওই পক্ষের নেতাকর্মীরা হোটেলে ভাঙচুর করে বলেও জানান তিনি।
হামলায় বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি মিজানুর রহমান আহত হয়েছেন। তাকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শওকত মাহমুদের সংবর্ধনা উপলক্ষে দলের যুগ্মমহাসচিব আমান উল্লাহ আমান ও ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সোমবার কুমিল্লায় আসেন। তাদের উপস্থিতিতে জেলা ছাত্রদলের একাংশ ওই হোটেলে সদস্য সংগ্রহ অভিযান উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন কায়সার।
আসিফের সমর্থকরা জানান, উপস্থাপনার এক পর্যায়ে পদবী উল্লেখ না করায় আসিফ এর প্রতিবাদ করেন। এ সময় ইয়াছিন সমর্থিত ছাত্রদল ও যুবদলের কর্মীরা তার ওপর চড়াও হয়।
এ ব্যাপারে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মহিউদ্দিন মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/জেকে/১৭৪০ ঘ.
bdnews24