২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিজবুত তাওহীদের মতবাদ প্রচারকালে গ্রেপ্তার ২

নিজ সংগঠনের জিহাদী লিফলেট, ক্যালেন্ডার ও বই নিয়ে চাঁদপুরের পুলিশ সুপারের কাছে মতবাদ প্রচার করতে গিয়ে গ্রেপ্তার হয়েছে হিজবুত তাওহীদ-এর দুই সদস্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2011, 05:53 AM

Updated : 24 Aug 2022, 02:25 PM

চাঁদপুর, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজ সংগঠনের জিহাদী লিফলেট, ক্যালেন্ডার ও বই নিয়ে চাঁদপুরের পুলিশ সুপারের কাছে মতবাদ প্রচার করতে গিয়ে গ্রেপ্তার হয়েছে হিজবুত তাওহীদ-এর দুই সদস্য। তাদের কাছ থেকে বিপুল সংখ্যক জিহাদী লিফলেট, দুই ডজন সিডি, ২০টি জিহাদী বই ও অর্ধশতাধিক ক্যালেন্ডার উদ্ধার করা হয়। আটককৃতরা হচ্ছে খাগড়াছড়ি জেলার রামগড় থানার মাস্টারপাড়া গ্রামের মিজি বাড়ির সাইফুল ইসলাম (৩০) ও কুমিল্লার দেবীদ্বার থানার নবীপুর গ্রামের সফিকুল ইসলাম সরকার (৩১)। চাঁদপুর সদর মডেল থানার ওসি মুশফিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এই দুজন রোববার বিকালে চাঁদপুর শহরের ষোলঘরে পুলিশ সুপারের কার্যালয়ে যায়। তারা পুলিশ সুপার মুহম্মদ শহীদুল্লাহ চৌধুরীর কাছে গিয়ে জিহাদী লিফলেট, ক্যালেন্ডার ও বই দিয়ে নিজেদের মতবাদ প্রচার শুরু করে। এ সময় পুলিশ সুপার তাদের আটক করে মডেল থানায় সোপর্দ করেন। তাদেরকে গ্রেপ্তার করা হয়। পুলিশি জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, তারা ফেনীর সুফিয়া সদর উদ্দিন রোডের মজুমদার হাউসে থাকে। সেখান থেকে এক সপ্তাহ আগে তারা চাঁদপুর আসে। ওসি মুশফিকুর রহমান জানান, জিজ্ঞাসাবাদে তারা নিজেদেরকে হিজবুত তাওহীদ-এর সদস্য বলে পরিচয় দিয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে এবং সোমবার সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১১৪৮ ঘ.