ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাপক সমালোচনার মুখে পড়েছে পরিকল্পনা কমিশন প্রস্তাবিত ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার খসড়া। খোদ প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা বলেছেন, "এটি দুর্বলভাবে লিখিত"।
রোববার ঢাকায় পরিকল্পনা মন্ত্রণালয় এই খসড়ার প্রথম পর্বের ওপর মতামত নিতে 'কৌশলগত নির্দেশনা ও নীতি কাঠামো' শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে।
সরকারি কর্মকর্তা ও অর্থনীতিবিদ ছাড়াও এতে তিন জন মন্ত্রী ও তিন জন উপদেষ্টা অংশ নেন। অবশ্য অসুস্থতার কারণে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার এতে অংশ নিতে পারেননি। অনুষ্ঠানে তার সভাপতিত্ব করার কথা ছিলো।
প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর মতে, এই খসড়া ও এটি তৈরির চিন্তন প্রক্রিয়া 'অনেকটা কেতাবি'।
"এটি খুবই দুর্বলভাবে লেখা এবং বাস্তবতার সঙ্গে এর কোনো সংযোগ নেই। এতে প্রধানমন্ত্রী ঘোষিত রূপকল্পের কোনো প্রতিফলন আমি দেখতে পাইনি", বলেন তিনি।
প্রধানমন্ত্রীর আরেক উপদেষ্টা এইচ টি ইমাম ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার খসড়ায় উল্লেখিত একটি মন্তব্যের তীব্র সমালোচনা করেন। খসড়ায় মন্তব্য করা হয়েছে- 'সুশাসন নিশ্চিতে জনপ্রশাসন ব্যর্থ হয়েছে'।
তিনি বলেন, "বর্তমান সরকারের দুই বছরের শাসনে প্রভাবমুক্ত পরিবেশে সরকারি চাকুরেরা কাজ করতে পারছেন, যা তাদের মাঝে আস্থা ফিরিয়ে এনছে। অথচ এ সরকার ক্ষমতায় আসার আগে যা ছিল অকল্পনীয়।"
প্রধানমন্ত্রীর সংস্থাপন উপদেষ্টা এইচ টি ইমাম আরো বলেন, এই পঞ্চবার্ষিক পরিকল্পনা সরকারের 'ডিজিটাল বাংলাদেশ' রূপকল্প কীভাবে বাস্তবায়ন করবে তার কোনো ক্লু তিনি খসড়ায় পাননি।
ভূমির ব্যবহারের জন্য একটি নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, "শিল্পায়নের কারণে দিন দিন আবাদী জমির পরিমাণ কমে যাচ্ছে।"
১৯৭২ সালের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনায় পল্লী উন্নয়নে যে কর্মপরিকল্পনার প্রস্তাব করা হয় তা পর্যালোচনার পরামর্শ দিয়েছিলেন ইমাম।
সরকারি চাকুরেদের দক্ষতা ও পেশাদারিত্ব নিয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা মশিউর রহমান।
তিনি সরকারি চাকুরেদের আইনি সুরক্ষার বিষয়ে গুরুত্বারোপ করে বলেন, কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে আইনি সুরক্ষা সহায়ক ভূমিকা রাখে। তবে এর ফলে অসদুপায় অবলম্বনের সুযোগও সৃষ্টি হয়।
মশিউর রহমানের মতে, কর্মকর্তাদের পেশাগত দক্ষতা ও আইনি সুরক্ষার মধ্যকার এই যে সংঘাত তা নিরসনের বিষয়টি থাকতে হবে খসড়ায়।
কৃষি খাতে উচ্চ ভর্তুকির ইস্যুতেও আলোকপাত করেন এই উপদেষ্টা।
তিনি বলেন, "উচ্চ ভর্তুকি দেওয়ার জন্য আমাদের আর্থিক সক্ষমতা আছে কি না তা আমাদের ভেবে দেখতে হবে।"
আলোচকদের মধ্যে অনেকেই পরিকল্পনা কমিশনকে আরো জোরদার করা এবং এর বাস্তবায়ন দক্ষতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন।
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক মুস্তাফিজুর রহমান শিল্পখাতের চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে বাণিজ্য নীতি প্রণয়নের পরমর্শ দেন।
তিনি বলেন, "বাণিজ্য নীতি ও শিল্প নীতির মধ্যে ভারসাম্যের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।"
অর্থনীতিবিদ এম সায়েদুজ্জামান বলেন, "সাবেক সোভিয়েত ইউনিয়ন প্রবর্তিত এই পঞ্চবার্ষিক পরিকল্পনার ধারণা এখন এক নস্টালজিয়া। এ পরিকল্পনার মাধ্যমে যেসব দেশ সফল হয়েছে সেসব দেশে ছিল মূলত একদলীয় শাসন ও বিশ্ব থেকে বিচ্ছিন্ন রাষ্ট্র। ভারত ও চীনের মতো দেশ এই পরিকল্পনা থেকে সরে এসেছে।"
"এখন সে অবস্থা বদলেছে এবং অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে বাজার", বলেন সাবেক এই অর্থমন্ত্রী।
প্রস্তাবিত খসড়া 'অতিমাত্রায় কেতাবি'- এ মন্তব্যের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, "এটি যেভাবে লেখা হয়েছে আমার মনে হয় তা ঠিকই আছে। এটি ঠিক করার দায়িত্ব রাজনীতি সচেতনদের।"
অবশ্য তখন জ্বালানি উপদেষ্টা ছিলেন না। এর আগেই তিনি আনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
অর্থমন্ত্রীর মতে, লিঙ্গ, পুষ্টিহীনতা, বৈষম্য, গ্রামের ভূমি ব্যবহারের নীতিমালা ও আঞ্চলিক সহযোগিতা কৌশল ইত্যাদি বিষয়ে এই খসড়ায় আরো বেশি জোর দেওয়া উচিত।
পরিকল্পনা কমিশনের দক্ষতা বাড়ানো প্রসঙ্গে মুহিত বলেন, কারিগরি ও পেশাগত উভয় দিকেই এতে পরিবর্তন আনা প্রয়োজন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এএল/এইচএ/২২০০ ঘ.
bdnews24