চট্টগ্রাম, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাজভাঙা শিল্পে 'খারাপ জিনের আছর' হয়েছে বলে মন্তব্য করেছেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ড. হাছান মাহমুদ।
শনিবার দুপুরে চট্টগ্রাম চেম্বার মিলনায়তনে ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "এ জিন হাইকোর্টের বারান্দায় ঘোরাঘুরি করে। তাদের সঙ্গে বিদেশিদের যোগাযোগ রয়েছে। তারা এ ব্যবসাকে বন্ধের চেষ্টা করছে।"
'তাদের' নাম শিপ ইয়ার্ড মালিকসহ সংশ্লিষ্ট সবাই জানেন বলে সভায় উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
হাছান মাহমুদ বলেন, 'জাহাজভাঙা শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগে তারা এ দেশে লোহার ব্যবসা করতে চান।'
চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ 'পরিবেশ সংরক্ষণে শিল্প মালিক ও ব্যবসায়ীদের ভূমিকা' শীর্ষক এ মতবিনিময় সভার আয়োজন করে।
জাহাজভাঙা শিল্পকে বাঁচাতে সরকার 'শতভাগ আন্তরিক' উল্লেখ করে প্রতিমন্ত্রী পরিবেশ বাঁচিয়ে কাজ চালানোর জন্য ইয়ার্ড মালিকদের প্রতি আহবান জানান।
তিনি বলেন, "জাহাজভাঙা শিল্পের মূল সমস্যা সরকার নয়, ওই জিনের আছর। এ থেকে উত্তরণে সরকার ও আপনাদের (জাহাজভাঙা শিল্প মালিকদের) সর্বাত্মক সহযোগিতা দরকার।"
মূলত পরিবেশ রক্ষা নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হলেও সভার সভাপতি চট্টগ্রাম চেম্বারের প্রেসিডেন্ট মোরশেদ মুরাদ ইব্রাহীমসহ কয়েকজন বক্তা জাহাজভাঙা শিল্পের নীতিমালা প্রণয়ন নিয়ে বক্তব্য দেন।
বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) এক রিট আবেদনের পর উচ্চ আদালত সীতাকুণ্ডের উপকূলীয় এলাকায় পরিত্যক্ত জাহাজ কাটা বন্ধের নির্দেশ দেয়।
উচ্চ আদালতের ওই আদেশে সুনির্দিষ্ট কিছু বিষয়ে নির্দেশনা এবং এ শিল্প নিয়ে একটি নীতিমালা প্রণয়ণের কথা বলা হয়।
চট্টগ্রাম চেম্বার আয়োজিত মতবিনিময় এই সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মনোয়ার ইসলাম।
তিনি পরিবেশ দূষণের সুদূরপ্রসারী ক্ষতিকর প্রভাব সম্পর্কে ধারণা দেন এবং দূষণ ঠেকাতে ব্যবসায়ীসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মালিকদের ভূমিকা রাখার আহবান জানান।
ড. হাছান মাহমুদ বলেন, "বাংলাদেশে বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ। এখানে বিভিন্ন শিল্পের দ্রুত বিকাশ ঘটছে। ফলে সরকারের একার পক্ষে পরিবেশ সংরক্ষণ সহজ কাজ নয়।"
পরিবেশের ক্ষতি তাৎক্ষণিকভাবে দৃশ্যমান হয় না উল্লেখ করে তিনি বলেন, "যখন তা দৃশ্যমান হয়, তখন কারও কিছু করার থাকে না।"
এ জন্য এখন থেকেই উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি আবুল কালাম, বর্তমান সহ-সভাপতি নুরুন নেওয়াজ সেলিম, পরিচালক এম এ ছালাম, মাহফুজুল হক শাহ, বিজিএমইএ পরিচালক হেলাল উদ্দিন চৌধুরী, বিকিএমইএর দ্বিতীয় সহ-সভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হেফাজতুর রহমান, ইস্ট ডেল্টা ইউনিভিার্সিটির উপাচার্য অধ্যাপক সিকান্দার খান ও চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. জাফর আলম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/১৬২০ ঘ.
bdnews24