২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইজতেমায় মুসল্লিদের ভিড় বাড়ছে

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনে টঙ্গীর তুরাগ পাড়ে ইজতেমা ময়দানে ভিড় বেড়েছে। রোববার আখেরি মোনাজারে দিন ধর্মপ্রাণ লাখো মুসলমান সেখানে সমবেত হবে বলে আয়োজকরা আশা করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2011, 07:57 AM

Updated : 24 Aug 2022, 02:25 PM

গাজীপুর, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনে টঙ্গীর তুরাগ পাড়ে ইজতেমা ময়দানে ভিড় বেড়েছে। রোববার আখেরি মোনাজারে দিন ধর্মপ্রাণ লাখো মুসলমান সেখানে সমবেত হবে বলে আয়োজকরা আশা করছে। শনিবার ভিড় বাড়লেও তবে প্রথম পর্বের চেয়ে দ্বিতীয় পর্বে মুসল্লিদের সংখ্যা কম দেখা যাচ্ছে। আগে এক পর্বে ইজতেমা হলেও এবারই প্রথম দুই পর্বে হচ্ছে বিশ্ব তাবলিগ জামাতের বার্ষিক এ সম্মিলন। বিদেশি নিবাসের পূর্বপাশে বিশেষ মোনাজাত মঞ্চ থেকেই রোববার বেলা ১১টা-১টার মধ্যে অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত। এর আগ পর্যন্ত চলবে হেদায়তি বয়ান। যৌতুক বিহীন বিয়ে: বিশ্ব ইজতেমার অন্যতম আকর্ষণ হলো যৌতুকবিহীন বিয়ে হচ্ছে শনিবার। শরীয়ত মেনে তাবলিগের রেওয়াজ অনুযায়ী ইজতেমার দ্বিতীয় দিন বাদ আছর ইজতেমার বয়ান মঞ্চের পাশেই বসবে বিয়ের আসর। কনের সম্মতিতে বর ও উভয় পক্ষের লোকজনের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে ওই বিয়ে। সকাল থেকেই অভিভাবকরা দম্পতিদের নাম তালিকাভুক্ত করান। বিয়ের পর বয়ান মঞ্চ থেকে মোনাজাতের মাধ্যমে নব দম্পতিদের সুখ-সমৃদ্ধিময় জীবন কামনা করা হবে। মুসল্লির মৃত্যু: ইজতেমায় আসা ২ মুসল্লি শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তারা হলেন- টাঙ্গাইলের ঘাটাইল থানার মনোহারা গ্রামের আব্দুস সামাদ (৭০) এবং মুন্সীগঞ্জের লৌহজং থানার মালিরংক গ্রামের তোবারক হোসেন (৭০)। ইজতেমার জিম্মাদার আদম আলী সাংবাদিকদের জানিয়েছেন, স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। গাড়ি পার্কিং ব্যবস্থা: ইজতেমা উপলক্ষে মুসল্লিদের নিরাপদ যাতায়াত ও সুষ্ঠুভাবে যানবাহন চলাচলের জন্য ২৯ জানুয়ারি রাত ১২টা হতে ৩০ জানুয়ারি আখেরি মোনাজাত পর্যন্ত টঙ্গী ও এর আশেপাশের এলাকায় গাড়ি পার্কিং করতে নিম্নোক্ত ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন টঙ্গী থানার ওসি গাজী রুহুল ইমাম। ওই সময়ে ধউড় সেতু থেকে আব্দুল্লাহপুর হয়ে প্রগতি সরণী এবং টঙ্গী সেতু থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত (বিমানযাত্রী, ফায়ার সার্ভিসের গাড়ি ও অ্যাম্বুলেন্স ব্যতিত) সব যানবাহন বন্ধ থাকবে। ঘোড়াশাল থেকে পুবাইল-কালীগঞ্জ হয়ে আসা যানবাহন টঙ্গী রেলওয়ে ষ্টেশনের পূর্বে মরকুন (কে-২) পর্যন্ত চলাচল করতে পারবে। ঢাকা-সিলেট মহাসড়ক থেকে ঘোড়াশাল হয়ে ঢাকাগামী যানবাহন কাচপুর/যাত্রবাড়ি সড়ক ব্যবহার করবেন। ইজতেমায় গমনেচ্ছু মুসল্লি, উত্তরার অধিবাসী, বিমানযাত্রী, ফায়ার সার্ভিসের গাড়ি, অ্যাম্বুলেন্স ছাড়া অন্য সব যানবাহনের চালকদের বিমান বন্দর সড়কের পরিবর্তে মিরপুর-সাভার সড়ক ব্যবহার করতে বলা হয়েছে। র‌্যাব ইজতেমার পুরো এলাকাকে ৫টি সেক্টরে এবং পুলিশ ৭টি সেক্টরে ভাগ করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বলে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান। তিনি আরো জানান, নিরাপত্তার সব ব্যবস্থা আগের দফার মতোই রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৪০০ ঘ.