ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানবাধিকার সংগঠনগুলোর অব্যাহত সমালোচনার মধ্যেই ঢাকায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আরো এক জন নিহত হয়েছে। নিহত ব্যক্তি মিরপুর এলাকার সন্ত্রাসী বলে র্যাবের দাবি।
শনিবার ভোররাতে মিরপুরের পল্লবী থানার কালসি এলাকায় নিহত ওই ব্যক্তির নাম দবির হোসেন (২৮)। তিনি কালসীর আদর্শ নগর এলাকায় থাকতেন।
র্যাব-৪ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক নূরুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কালসীর বাওনিয়া বাঁধ বস্তিতে রাত ৩টার দিকে র্যাবের অভিযানের সময় 'বন্দুকযুদ্ধে' দবির মারা যান।
তিনি বলেন, "বস্তিতে অভিযানের সময় সন্ত্রাসীদের একটি দল র্যাব সদস্যদের দিকে গুলি ছোড়ে। তখন র্যাবও পাল্টা গুলি চালায়। দুই পক্ষের মধ্যে কিছু সময় গোলাগুলির পর গুলিবিদ্ধ একজনকে পড়ে থাকতে দেখা যায়।"
নিহত ব্যক্তি দবির বলে পরে সনাক্ত করে র্যাব। র্যাব কর্মকর্তা আমিন বলেন, দবিরের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা-ছিনতাই-সন্ত্রাসের অভিযোগে বহু মামলা রয়েছে। দবির শীর্ষসন্ত্রাসী জামিলের সহযোগী ছিলো।
র্যাব জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি রিভলবার ও একটি বন্দুক উদ্ধার করা হয়েছে।
'বন্দুকযুদ্ধে' র্যাবের এক সদস্যও আহত হন বলে বাহিনীর কর্মকর্তা আমিন জানান।
দবিরের বাড়ি শরীয়তপুরের সফিপুর এলাকায়। তার বাবার নাম আবুল কাশেম বেপারী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১০৩০ ঘ.
bdnews24