২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার বিরোধী পোস্টারসহ যুবদল নেতা গ্রেপ্তার

সরকার বিরোধী পোস্টারসহ বরিশালের বাবুগঞ্জ উপজেলা যুবদলের দপ্তর সম্পাদক মো. জিহাদ হোসেনকে পুলিশ গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2011, 07:04 PM

Updated : 24 Aug 2022, 02:24 PM

বরিশাল, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার বিরোধী পোস্টারসহ বরিশালের বাবুগঞ্জ উপজেলা যুবদলের দপ্তর সম্পাদক মো. জিহাদ হোসেনকে পুলিশ গ্রেপ্তার করেছে। শুক্রবার রাত ১০টার দিকে বাবুগঞ্জ বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে সরকার বিরোধী কিছু পোস্টার ও কয়েকটি 'আতঙ্কের রাজত্ব' নামের বই উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। বাবুগঞ্জ থানার ওসি আবুল খায়ের বলেন, সরকার বিরোধী পোস্টার ও 'আতঙ্কোর রাজত্ব' নামের বইটি নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ কর্মকর্তা আরো বলেন, বর্তমান সরকারের দুই বছর পূর্তিতে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার গত ৯ জানুয়ারি দেওয়া ভাসনটি দিয়ে 'আতঙ্কের রাজত্ব' নামের বইটি ছাপানো হয়েছে। তবে কয়টি পোস্টার বা কয়টি বই উদ্ধার করা হয়েছে তা জানা যায়নি। এছাড়া পোস্টোরে কী লেখা ছিল তাও পুলিশ জানাতে পারেনি। সরকারের দুই বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার তিনদিন পর খালেদা গুলশানের নিজ কার্যালয়ে সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীর উদ্দেশে ভাষণ দেন। ওইদিন তিনি বলেন, মহাজোট সরকারের দুই বছরে দেশে আতঙ্কের রাজত্ব কায়েম হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০১০ ঘ.