নওগাঁ, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁ থেকে নারায়ণগঞ্জগামী একটি চালবোঝাই ট্রাক ছিনতাই হয়েছে।
শুক্রবার ভোরে রাজধানীর শনির আখড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নওগাঁ সদর মডেল থানার ওসি আহম্মেদ আলী হাসমি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় নওগাঁ শহর থেকে মাসুম মাসুম ট্রেডার্স রাইস মিলের ২৬০ বস্তা (প্রতিবস্তার ওজন ৫০কেজি) চাল নিয়ে নারায়ণগঞ্জের সানারপার এলাকার জমজম রাইস এজেন্সির উদ্দেশে ছেড়ে যায়।
শুক্রবার ভোর ৪টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা পার হওয়ার পর ছিনতাইকারীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শনির আখড়া এলাকায় ট্রাকের চালক চঞ্চল হোসেন এবং কাঁচপুরের মেঘনা ঘাট এলাকায় ট্রাক চালকের সহকারী রিপন হোসেনকে হাত-পা বেঁধে ফেলে রেখে যায়।
চালের মালিক মাসুম বিল্লাহ বাদী হয়ে নওগাঁ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪০ ঘ.
bdnews24