২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীন 'প্রাইভেসি কমিশন' গঠনের দাবি

ব্যক্তিগত তথ্য সুরক্ষা ও গোপনীয়তার অধিকার প্রতিষ্ঠায় স্বাধীন 'প্রাইভেসি কমিশন' গঠন এবং টেলিকমিউনিকেশনস আইন সংশোধনের দাবি জানিয়েছে একটি বেসরকারি সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2011, 01:31 PM

Updated : 24 Aug 2022, 02:24 PM

ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যক্তিগত তথ্য সুরক্ষা ও গোপনীয়তার অধিকার প্রতিষ্ঠায় স্বাধীন 'প্রাইভেসি কমিশন' গঠন এবং টেলিকমিউনিকেশনস আইন সংশোধনের দাবি জানিয়েছে একটি বেসরকারি সংগঠন। শুক্রবার আন্তর্জাতিক প্রাইভেসি দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে উন্নয়ন গবেষণা সংগঠন 'ভয়েস' এ দাবি জানায়। ২০০৮ সাল থেকে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশে 'ডাটা প্রাইভেসি দিবস' পালিত হয়ে আসছে। এ বছর এশিয়াসহ বিভিন্ন দেশে দিবসটি পালিত হচ্ছে। ভয়েসের নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ বলেন, তথ্য প্রযুক্তির বিকাশ এবং তথ্য অধিকার আইনের ফলে মানুষের যোগাযোগ ও অর্থনৈতিক বিকাশের পথ প্রসারিত হলেও এর মধ্য দিয়ে মানুষের ব্যক্তিগত গোপনীয়তার অধিকার লঙ্ঘিত হচ্ছে। "টেলিকমিউনিকেশনস আইন অনুযায়ী, জাতীয় নিরাপত্তার স্বার্থে র‌্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থা যে কোনো ব্যক্তির টেলিফোনে আড়িপাততে পারে। কিন্তু প্রাইভেসি কমিশন থাকলে ব্যক্তিগত তথ্য সংগ্রহের জন্য কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে", বলেন তিনি। বিচারপতি গোলাম রব্বানী বলেন, "ব্যক্তির স্বাতন্ত্র্যবোধ ও মর্যাদা আইন দ্বারা সংরক্ষণ করা উচিত। আড়িপাতা ও যেকোনো ধরনের নজরদারি মানবাধিকার লঙ্ঘনের শামিল।" সংবিধানের ৪৩ নম্বর অনুচ্ছেদের সঙ্গে সঙ্গতি রেখে নতুন আইন প্রণয়ন ও তা তদারকির জন্য প্রাইভেসি কমিশন গঠন করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। ব্যক্তিগত গোপনীয়তার অধিকার রক্ষার্থে টেলিকমিউনিকেশনস আইন-২০০৬ সংশোধনের দাবি জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু বলেন, "তথ্য গোপনীয়তার অধিকার নিশ্চিতে বিরোধপূর্ণ আইন বাতিল ও সংশোধন করতে হবে।" বর্তমানে তথ্য অধিকার আইন দিয়ে ব্যক্তির ব্যক্তিগত তথ্য সংরক্ষিত হয় না উল্লেখ করে তিনি বলেন, ব্যক্তিগত তথ্য সংগ্রহের সীমাও আইন দ্বারা নিশ্চিত করতে হবে। সংবাদ সম্মেলনে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সাবেক চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদও স্বাধীন প্রাইভেসি কমিশন গঠনের পক্ষে যুক্তি তুলে ধরেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএল/এইচএ/১৯২৬ ঘ.