ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনশক্তি রপ্তানিকারক সংস্থা (রিক্রুটিং এজেন্সি) মেসার্স জিনাত ট্রেডিং কর্পোরেশনের লাইসেন্স বাতিল করেছে সরকার।
বৃহস্পতিবার এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, লাইসেন্সের শর্ত ভঙ্গ করায় রাজধানীর ঝিগাতলা ট্যানারি মোড় এলাকার মেসার্স জিনাত ট্রেডিং কর্পোরেশনের (আরএল-৪৮২) ব্যবস্থাপনা পরিচালককে কারণ দর্শাতে বলা হয়। কিন্তু প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ওই নোটিশের কোনো জবাব পাওয়া যায়নি।
এই পরিপ্রেক্ষিতে, প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল করে তাদের জামানত বাজেয়াপ্ত করা হয়েছে বলে তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/জেকে/২১২৫ ঘ.
bdnews24