ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চম আদমশুমারি ও গৃহগণনা উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বৃহস্পতিবার একটি স্মারক ডাকটিকেট ও উদ্বোধনী খাম উদ্বোধন করেছেন।
সরকারি এক তথ্য বিবরনীতে এ কথা জানানো হয়েছে।
আগামী ১৫ মার্চ থেকে ১৯ মার্চ দেশব্যাপী 'আদমশুমারী ও গৃহগণনা- ২০১১' উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতি তিন টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকেট এবং ছয় টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম উদ্বোধন করেন।
রাষ্ট্রপতি সবাইকে শুমারিতে অন্তর্ভুক্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, "কেউ যাতে গণনা থেকে বাদ না পড়ে এবং কাউকে যেন একাধিকবার গণনা করা না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।"
গণনাকারীদের সঠিক তথ্য সংগ্রহে সহযোগিতা করতে তিনি সবার প্রতি আহ্বান জানান।
স্মারক ডাকটিকেট ও উদ্বোধনী খাম বৃহস্পতিবার থেকেই ঢাকা জিপিও'র ফিলাটেলিক ব্যুরো থেকে বিক্রি শুরু হয়েছে। পরবর্তীতে দেশের চারটি জিপিও এবং প্রধান ডাকঘর থেকেও তা বিক্রি করা হবে।
উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় ও পরিসংখ্যান বিভাগের সচিব রীতি ইব্রাহিম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/আরএ/১৮৪৫ ঘ.
bdnews24