২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধা সাবেক ইউপি চেয়ারম্যান খুন

নীলফামারীর সৈয়দপুরে মুক্তিযোদ্ধা ও সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমানকে (৬৮) জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2011, 11:54 AM

Updated : 24 Aug 2022, 02:24 PM

নীলফামারী, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নীলফামারীর সৈয়দপুরে মুক্তিযোদ্ধা ও সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমানকে (৬৮) জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সৈয়দপুর সদরে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। উপজেলার খাতামধুপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোখলেছকে বুধবার রাতে উপজেলা সদরের কাছে সৈয়দপুর-রংপুর মহাসড়কের কামারপুকুর কলাবাগান এলাকায় জবাই করে রেখে যায় দুর্বৃত্তরা। তার বাড়ি উপজেলার খিয়ারজুম্মা হাজিপাড়া গ্রামে। তিনি খাতামধুপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। খুনিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবিতে মুক্তিযোদ্ধা সংসদ সৈয়দপুর উপজেলা কমান্ডের ডাকে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়। ইউনিট কমান্ড কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়। এ সময় মুক্তিযোদ্ধারা কালো ব্যাজ ধারণ করেন। অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট নূর আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার রাতে ১৫-২০ জনের মুখোশধারী একটি দল সৈয়দপুর-রংপুর মহাসড়কে রশি দিয়ে মোখলেছুরের মটরসাইকেল আটকায়। পরে তাকে মহাসড়কের পাশে একটি ফাঁকা মাঠে নিয়ে জবাই করে হত্যার পর লাশ ফেলে যায়। সৈয়দপুর শহর থেকে তিনি খিয়ারজুম্মা হাজিপাড়ায় গ্রামের বাড়িতে ফিরছিলেন বলে জানান তিনি। খবর পেয়ে ভোররাতে সৈয়দপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। সকালে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নীলফামারী মর্গে পাঠানো হয়। এ সময় এলাকার শত শত মানুষ ঘটনাস্থলে জড়ো হয়। বিক্ষুব্ধ জনতা এ হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানায়। পুলিশ কর্মকর্তা নূর আহমেদ বলেন, "ঘটনাস্থল থেকে বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে। মামলা হলে খুনিদের গ্রেপ্তারে জোর পদক্ষেপ নেওয়া হবে।" পুলিশ সুপারিনটেনডেন্ট আলমগীর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান তিনি। মোখলেছুর রহমান প্রায় ২৭ বছর সৈয়দপুর উপজেলার ৫ নম্বর খাতামুধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। সৈয়দপুর পৌরসভা ও উপজেলা পরিষদ নির্বাচনেও তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন অভিযোগ করেন, স্বাধীনতাবিরোধীরা তাদের প্রতিহিংসা চরিতার্থ করতে এ ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন মোখলেছুরকে খুন করেছে।" জয়নাল জানান, খুনিদের গ্রেপ্তারের দাবিতে আগামী রোববার জেলা শহরে বিক্ষোভ মিছিল করবে মুক্তিযোদ্ধারা। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/১৯৪০ ঘ.