ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে বিস্ফোরণে চার জন নিহত হওয়ার ঘটনায় কেন মামলা হয়নি, সীতাকুণ্ড থানার ওসির কাছে তার কারণ জানতে চেয়েছে হাইকোর্ট।
আগামী ৬ ফেব্র"য়ারি ওই থানার ওসিকে আদালতে হাজির হয়ে কারণ জানাতে বৃহস্পতিবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী এবং বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ নির্দেশ দিয়েছে।
এছাড়া ওই জাহাজটি গ্যাস ফ্রি সনদ এবং পরিবেশ ছাড়পত্র নিয়েছিলো কি না একই সময়ের মধ্যে তা জানাতে বিস্ফোরক অধিদপ্তরের মহাপরিদর্শক ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে।
ওদিকে আদালত অবমাননার কারণে সীতাকুণ্ডের ওই জাহাজের মালিক প্রতিষ্ঠান ম্যাক ইন্টারন্যাশনাল কর্পোরেশনের মালিক আবুল কাশেম মাস্টারকে সাড়ে চার ঘণ্টা আদালতে দাঁড় করিয়ে রাখা হয়।
জাহাজ ভাঙার কারখানা বন্ধ রাখতে উচ্চ আদালতের নির্দেশ ছিলো, কিন্তু তা অমান্য করে কাজ চালানোয় আবুল কাশেম মাস্টারকে এ সাজা দেওয়া হয়।
গত ১৮ জানুয়ারি সীতাকুণ্ডের শীতলপুরে ওই কারখানায় পরিত্যক্ত জাহাজ কাটার সময় বিস্ফোরণে চার শ্রমিকের মৃত্যু হলে হাইকোর্ট পরদিন কারখানাটির বিরুদ্ধে স্বপ্রণোদিত হয়ে আদালত অবমাননার রুল জারি করে এবং কারখানা মালিককে তলব করে।
কাশেম মাস্টার নির্দেশ মেনে সকাল সাড়ে ১০টায় আদালতে হাজির হন। আদালত কার্যক্রমের পুরোটা সময় তাকে দাঁড় করিয়ে রাখা হয়।
সরকার পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আলতাফ হোসেন, বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির পক্ষে সৈয়দা রেজওয়ানা হাসান এবং আবুল কাশেম মাস্টারের পক্ষে ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস শুনানি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আর/এমআই/১৭৫৬ ঘ.
bdnews24