চট্টগ্রাম, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে বন্দরনগরী চট্টগ্রামের সৌন্দর্য্যবর্ধনে সাত কোটি টাকায় বেশকিছু প্রকল্প বাস্তবায়ন করবে চট্টগ্রাম সিটি করপোরশেন (সিসিসি)।
বুধবার দুপুরে মেয়র মনজুর আলমের সভাপতিত্বে সিসিসির সপ্তম সাধারণ সভায় এ সব সিদ্ধান্ত হয়।
সিসিসি'র সচিব মো. সামসুদ্দোহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিশ্বকাপ সামনে রেখে নগরীর সৌন্দর্য্য বর্ধনে সিসিসি সাত কোটি টাকা ব্যয় করবে।"
সিসিসি'র জনসংযোগ কর্মকর্তা সাইফুদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এসব প্রকল্পের আওতায় নগরীর জিইসি ও টাইগার পাস মোড়ে সিসিসি'র নার্সারীতে ফোয়ারা নির্মাণ; আলোকসজ্জ্বা; টাইগার পাস মোড়ে দুই পাহাড়ের পাদদেশে রয়েল বেঙ্গল টাইগারের প্রতিমূর্তি স্থাপন; কর্ণফুলী নদীতে সাম্পান সাজানো এবং লালদিঘী পার্ক ও স্বাধীনতা পার্ক সুসজ্জিত করা হবে।
বিশ্বকাপ উপলক্ষে শাহ আমানত সেতু থেকে পতেঙ্গা সমুদ্র সৈকত পর্যন্ত নৌ শোভাযাত্রারও আয়োজন করা হবে।
নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো সার্বক্ষণিক পরিচ্ছন্ন রাখতে তিন মাসের জন্য অস্থায়ী ভিত্তিতে তিনশ শ্রমিক নিয়োগ এবং শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলো থেকে ভিক্ষুকদের অন্যত্র সরিয়ে নেওয়ারও সিদ্ধান্ত হয় সভায়।
সিসিসি মেয়র মনজুর আলম সভায় বলেন, "বিদেশি অতিথিদের সামনে চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য ও কৃষ্টিকে সুন্দরভাবে উপস্থাপন করতে চাই।"
বিশ্বকাপ সংশ্লিষ্ট উন্নয়ন কাজে কোনো অবহেলা সহ্য করা হবে না বলেও সংশ্লিষ্টদের সর্তক করে দেন মেয়র।
সিসিসি সচিব সামসুদ্দোহা বলেন, "১০ ফেব্র"য়ারির মধ্যে সৌন্দর্য্য বর্ধনে নেওয়া সব প্রকল্পের কাজ শেষ করতে হবে।"
সিসিসি'র প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুর-ই-এলাহী, প্রধান রাজস্ব কর্মকর্তা দীপক চক্রবর্তী, চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুর রহমান, চট্টগ্রাম ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুল করিমসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা এ সভায় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/জেকে/২৩৫৮ ঘ.
bdnews24