২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপ ও পৌর নির্বাচন প্রচার শেষ, বৃহস্পতিবার ভোট

হবিগঞ্জ-১ ও ব্রাহ্মণবাড়িয়া-৩ উপ-নির্বাচনের প্রচার মঙ্গলবার মধ্যরাতে শেষ হয়েছে। সেই সঙ্গে নির্বাচনযোগ্য ১২ পৌরসভারও প্রচারসময় শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2011, 04:27 AM

Updated : 24 Aug 2022, 02:24 PM

ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জ-১ ও ব্রাহ্মণবাড়িয়া-৩ উপ-নির্বাচনের প্রচার মঙ্গলবার মধ্যরাতে শেষ হয়েছে। সেই সঙ্গে নির্বাচনযোগ্য ১২ পৌরসভারও প্রচারসময় শেষ হয়েছে। এ সব নির্বাচনী এলাকায় বৃহস্পতিবার ভোটগ্রহণ হবে। মঙ্গলবার নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রেসহ সার্বিক নিরাপত্তার বজায় রাখতে নির্বাচন কমিশন ও আইন-শৃঙ্খলা বাহিনী বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। ভোট কেন্দ্রগুলোতে পুলিশ, ব্যাটালিয়ন আনসার ও অঙ্গীভূত আনসার নিয়োজিত থাকবে। ইসি সচিবালয়ের উপ-সচিব (নির্বাচন) মিহির সারওয়ার মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনী অপরাধের তাৎক্ষণিক বিচারে দুই উপ-নির্বাচনী এলাকায় আটজন বিচারিক হাকিম ও ৩৮ জন নির্বাহী হাকিম রয়েছেন। জ্যেষ্ঠ সহকারি সচিব (পৌর) আবদুল বাতেন জানান, প্রতি পৌরসভায় একজন করে বিচারিক ও একজন করে নির্বাহী হাকিম নিয়োজিত রয়েছেন। নির্বাচনী এলাকাগুলোয় নির্বাহী হাকিমের নেতৃত্বে স্ট্রাইকিং ফোর্সের সদস্যরা সর্বত্র টহলে থাকবেন। প্রচারণা, বহিরাগত ও যানবাহনে নিষেধাজ্ঞা ইসি সচিবালয়ের বিশেষ পরিপত্রে জানানো হয়, ২৬ জানুয়ারি রাত ১২টা থেকে ২৭ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত বহিরাগতরা (যারা এলাকার বাসিন্দা বা ভোটার নন) নির্বাচনী এলাকায় থাকতে পারবে না। ভোটের একদিন আগে থেকে পরবর্তী দুই দিন পর্যন্ত সব ধরনের প্রচার বন্ধ থাকবে। ২৫ জানুয়ারি মধ্যরাত থেকে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় মটর সাইকেল চলাচলও নিষিদ্ধ থাকবে। ২৮ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত তা বলবৎ থাকবে। ২৬ জানুয়ারি মধ্যরাত থেকে ভোটের দিন ২৭ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় ট্যাক্সি ক্যাব, বেবি ট্যাক্সি/অটোরিকশা, মাইক্রোবাস, জিপ, কার, পিকআপ, বাস, টেম্পু, লঞ্চ, ইঞ্জিনবোট ও স্পিডবোট চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ থাকবে। ভোটের দিন নির্বাচনী এলাকায় অনুমোদিত ছাড়া বিভিন্ন ধরনের যানবাহন ও নৌ চলাচল নিষিদ্ধ করা হয়েছে। নির্বাচন পরিচালনা-সংক্রান্ত সব সরঞ্জাম প্রস্তুত রেখেছে নির্বাচন কমিশন। ভোট কেন্দ্রে পুলিশ, ব্যাটালিয়ন আনসার ও অঙ্গীভূত আনসার নিয়োজিত থাকবে। প্রতিটি কেন্দ্রে পুলিশের একজন এসআই/এএসআই/সার্জেন্ট/হাবিলদারের নেতৃত্বে আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন থাকবে। পৌর এলাকার প্রতিটি ভোটকেন্দ্রে ১৯ ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ২০ জন করে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবে। দুই উপ-নির্বাচনী এলাকার প্রতিটি কেন্দ্রে ২৭ জন করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবে। এ ছাড়া বিজিবি, র‌্যাব, পুলিশের সংখ্যা বাড়িয়ে টহল জোরদার করা হবে। গত ১২, ১৩, ১৭, ও ১৮ জানুয়ারি সাত বিভাগের চার দফায় পৌরসভা নির্বাচন শেষ হয়। উপ-নির্বাচন: আওয়ামী লীগের সংসদ সদস্য দেওয়ান ফরিদ গাজীর মৃত্যুতে গত নভেম্বরে জাতীয় সংসদের হবিগঞ্জ-১ এবং লুৎফুল হাই সাচ্চুর মৃত্যুতে ব্রাক্ষণবাড়িয়া-৩ আসন দুটি শূন্য হয়। এ দুই আসনের উপ-নির্বাচনের তফসিল গত ২২ ডিসেম্বর ঘোষণা করে ইসি। হবিগঞ্জ-১ আসনে ৩ লাখ ১ হাজার ৪৪৭জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ লাখ ৪৪ হাজার ৮২৮ এবং নারী ভোটার ১ লাখ ৫৬ হাজার ৬১৯ জন। এই আসনে মোট ভোট কেন্দ্র রয়েছে ১৭৫টি। উপ-নির্বাচনে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন- আওয়ামী লীগের ডা. মো. মুশফিক হুসেন চৌধুরী, বিএনপির শেখ সুজাত মিয়া, জাতীয় পার্টির (এ) মোহাম্মদ আব্দুল মুনিম চৌধুরী, কৃষক শ্রমিক জনতা লীগের অ্যাডভোকেট মনমোহন দেবনাথ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মাওলনা আব্দুল মালিক চৌধুরী ও খেলাফত মসলিসের শাইখ আব্দুল কাইয়ূম। ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে ৩ লাখ ১০ হাজার ২৩৮ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৯ হাজার ৬০০ জন এবং নারী ভোটার ১ লাখ ৬০ হাজার ৬৩৮ জন। মোট ভোট কেন্দ্র ১২৬টি। উপ-নির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন- আওয়ামী লীগের র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী, বিএনপির মো. খালেদ হোসেন মাহবুব, জাতীয় পার্টির (এ) মো. রেজাউল ইসলাম ভুইয়া, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি'র মো. ইউনুস মিয়া এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নিয়াজুল করিম। যেসব পৌরসভায় নির্বাচন দিনাজপুরের পার্বতীপুর, মাগুরা জেলার সদর, নরসিংদী জেলার মাধবদি, নেত্রকোনার মদন, ফেনীর দাগনভুঞা ও কক্সবাজার জেলার সদর, চকরিয়া, মহেশখালী ও টেকনাফ, ভোলার চরফ্যাশন, মাদারীপুর জেলার সদর ও শরীয়তপুরের জাজিরা পৌরসভায় নির্বাচন হবে বৃহস্পতিবার। এর মধ্যে আট পৌরসভায় (দিনাজপুরের পার্বতীপুর, মাগুরা জেলার সদর, নরসিংদী জেলার মাধবদি, নেত্রকোনার মদন, ফেনীর দাগনভুঞা ও কক্সবাজার জেলার সদর, চকরিয়া ও টেকনাফ) বিজিবি, দুই কোস্টগার্ড (ভোলার চরফ্যাশন ও মহেশখালী) ও র‌্যাব থাকবে দুইটিতে (মাদারীপুর জেলার সদর ও শরীয়তপুরের জাজিরা)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/১০২৫ ঘ.