২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না'গঞ্জে বার্ড ফ্লু, ১০ হাজার মুরগি নিধন

নারায়ণগঞ্জের একটি মুরগি খামারে বার্ড ফ্লু সংক্রমণ ধরা পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2011, 04:02 PM

Updated : 24 Aug 2022, 02:23 PM

নারায়ণগঞ্জ, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের একটি মুরগি খামারে বার্ড ফ্লু সংক্রমণ ধরা পড়েছে। বন্দর উপজেলার কাইকারটেক এলাকার ওই খামারের প্রায় দেড় হাজার মুরগি ইতোমধ্যে মারা গেছে। মঙ্গলবার রাতে ওই খামারের প্রায় ১০ হাজার মুরগি নিধন করেছে জেলা ও উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর। এ ঘটনায় এলাকার অন্য খামারিদের আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে আশ্বস্ত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বন্দর উপজেলা পশুসম্পদ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, কাইকারটেক খেয়াঘাট এলাকার সেকান্দার হোসেনের মেসার্স জোবায়দা পোল্ট্রি ফার্মে চারটি শেডে লেয়ার মুরগি পালন করছেন। গত কয়েকদিন যাবত অজ্ঞাত রোগে মুরগি মরতে শুরু করলে বিষয়টি তিনি উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরকে জানান। পরে অধিদপ্তরের কর্মকর্তারা আক্রান্ত মুরগির নমুনা নিয়ে পরীক্ষার জন্য ঢাকা পশুসম্পদ পরীক্ষাগারে পাঠানো হয়। সেখানে পরীক্ষায় বার্ড ফ্লু শনাক্ত হয়। এই প্রতিবেদন পাওয়ার পর মঙ্গলবার রাতেই জেলা ও উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা খামারের প্রায় ১০ হাজার মুরগি মেরে মাটিচাপা দেন। নিধন মুরগির মূল্য প্রায় ২০ লাখ টাকা বলে জানিয়েছেন উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা। নিধনের সময় প্রাণিসম্পদ অধিদপ্তরের জেলা ও উপজেলা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, বার্ড ফ্লু আক্রান্ত খামারটির পাঁচশ' মিটার এলাকার মধ্যে কোনো খামার না থাকায় আর কোনো মুরগি নিধন করা হচ্ছে না। অন্য খামার মালিকদের আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেও তিনি আশ্বস্ত করেন। বন্দর থানার ওসি হারুন-অর-রশিদ বলেন, বার্ড ফ্লু আক্রান্ত হওয়ার বিষয়টি তাদের জানানো হয়েছে। তারা উপজেলা পশুসম্পদ কর্মকর্তাদের সহায়তা দিচ্ছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৪৯ ঘ.