২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে রিহ্যাব মেলা শুরু বৃহস্পতিবার

বন্দরনগরীতে তিন দিনব্যাপী রিহ্যাব মেলা শুরু হচ্ছে বৃহস্পতিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2011, 03:39 PM

Updated : 24 Aug 2022, 02:23 PM

চট্টগ্রাম, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্দরনগরীতে তিন দিনব্যাপী রিহ্যাব মেলা শুরু হচ্ছে বৃহস্পতিবার। সকাল সোয়া ১১টায় চট্টগ্রাম ক্লাবে 'রিহ্যাব ফেয়ার, চট্টগ্রাম- ২০১১' উদ্বোধন করবেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান। মঙ্গলবার দুপুরে নগরীর একটি হোটেলে এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সাধারণ সম্পাদক মুরাদ ইকবাল চৌধুরী। এ সময় আরো উপস্থিত ছিলেন- মেলা কমিটির আহ্বায়ক প্রকৌশলী এস এম আবু সুফিয়ান, যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী ইফতেখার হোসেন ও সদস্য আবদুল কাইয়ুম চৌধুরী। লিখিত বক্তব্যে মুরাদ ইকবাল চৌধুরী বলেন, বিদ্যুৎ ও গ্যাস সংকট আবাসন শিল্পকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। এ কারণে বর্তমানে এ শিল্পের বিনিয়োগকারী, ক্রেতা ও জমির মালিকরা অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। এক প্রশ্নের জবাবে তিনি জানান, গ্যাস ও বিদ্যুৎ সংযোগের অভাবে পাঁচ হাজার নির্মিত ফ্ল্যাট ক্রেতাদের বুঝিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না। আটকে আছে প্রায় ১০ হাজার কোটি টাকার বিনিয়োগ। রিহ্যাবের উদ্যোগে চট্টগ্রামে পঞ্চমবারের মতো আয়োজিত এ মেলায় মোট ৯৭টি স্টল থাকবে। এর মধ্যে একটি হচ্ছে অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান। মেলা উপলক্ষে শুক্রবার সকাল ১০টায় চট্টগ্রাম ক্লাবের সুইমিং পুল প্রাঙ্গনে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অশিয়ান ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড, কনকর্ড রিয়েল এস্টেট এন্ড বিল্ডিং প্রোডাক্টস লিমিটেড, এপিক প্রপার্টিজ লিমিটেড ও ইক্যুইটি প্রপার্টি ম্যানেজমেন্ট লিমিটেডসহ মোট ১১ টি প্রতিষ্ঠান মেলার কো-স্পন্সর। মেলার একক প্রবেশ মূল্য ৫০ টাকা ও মাল্টিপল এন্ট্রির জন্য একশ' টাকা। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ন'টা পর্যন্ত মেলা চলবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এইচএ/২১৩৬ ঘ.