পঞ্চগড়, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দ্বিপক্ষীয় বাণিজ্যিক কার্যক্রম শুরুর কয়েকদিনের মাথায় ভারতীয় শ্রমিকদের ধর্মঘটের কারণে বাংলাবান্ধা স্থলবন্দরে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
পঞ্চগড়ের বাংলাবান্ধা বন্দরের বিপরীতে সীমান্তের জিরো পয়েন্টে নেপালি পণ্য ট্রাকে ওঠানোর নামানোর দাবিতে সোমবার থেকে ওপারের ভারতের ফুলবাড়ি স্থলবন্দরের শ্রমিকরা ধর্মঘট ডাকে।
অচলাবস্থা নিরসনে মঙ্গলবার বিকালে ফুলবাড়ি কাষ্টমসের তত্ত্বাবধায়ক শান্তনু চ্যাটার্জি, নেপালের কাঁকরভিটা ওয়্যারহাউসের ব্যবস্থাপক শিবাকোটিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ধর্মঘটি শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসেছেন।
বুধবার ভারতের প্রজাতন্ত্র দিবস হওয়ায় সেদিনও পণ্য ট্রাকভর্তি করা এবং খালাসের কাজ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার থেকে অচলাবস্থা কেটে যেতে পারে বলে আশা প্রকাশ করেন বাংলাবান্ধায় অবস্থানরত দিনাজপুর কাস্টমস, এক্সাইজ অ্যান্ড ভ্যাট শাখার সহকারী কমিশনা মো. আলাউদ্দিন
গত শনিবার কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি যৌথভাবে বাংলাবান্ধা ও ফুলবাড়ি স্থলবন্দর দিয়ে দ্বিপক্ষীয় বাণিজ্য কার্যক্রম উদ্বোধন করেন।
তবে এখনো পুরোদমে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি কাজ শুরু হয়নি।
বন্দর কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা জানান, ভারতের পাশাপাশি নেপালের পণ্যবাহী ট্রাকও সরাসরি বাংলাবান্ধা স্থলবন্দরের ওয়্যারহাউসে পণ্য ওঠানো নামানোর কথা রয়েছে।
আগে জিরো পয়েন্টে নেপালের আমদানি-রপ্তানি পণ্য ট্রাকে ওঠানো নামানোর কাজ করতো ভারতীয় শ্রমিকরা।
নতুন নিয়মের কারণে বেকার হয়ে পড়ার আশঙ্কা করছেন তারা।
ভারতীয় শ্রমিকরা আগের মতোই জিরো পয়েন্টে পণ্য তোলা ও খালাসের কাজ করাতে নেপালি সিএন্ডএফ এজেন্টদের কাছে দাবি জানায়। তা না করলে তাদের আগের মতো পারিশ্রমিক দেওয়ার জন্য চাপ দিচ্ছে।
বাংলাবান্ধা স্থলবন্দর সিএন্ডএফ এসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম রেজা সাংবাদিকদের জানান, পণ্য ওঠানো নামানোর নির্ধারিত সময় বিকাল ৫টা পর্যন্ত।
এরপর বাংলাবান্ধার বিপরীতে সীমান্ত বন্ধ করে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
তিনি বলেন, এ কারণে পণ্য ট্রাকে তোলা ও নামানোর কাজ ব্যাহত হচ্ছে।
রেজাউল করিম দাবি করেন, ধর্মঘটের কারণে তারা সবাই আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। ট্রাকচালকসহ সংশ্লিষ্ট অনেককেই দুর্ভোগ পোহাতে হচ্ছে।
পঞ্চগড় কাস্টমস, এক্সাইজ অ্যান্ড ভ্যাট সার্কেলের রাজস্ব কর্মকর্তা আব্দুল লতিফ জানান, নেপাল থেকে আনা ২০টি ট্রাকে তিনশ' টন মসুর ডাল এবং রপ্তানির এক ট্রাকভর্তি ব্যাটারি আটকা পড়ে আছে।
এছাড়া মসুর ডাল পরিবহনে বাংলাবান্ধায় ১৫/১৬টি ট্রাকও একইভাবে অপেক্ষমান আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২০ ঘ.
bdnews24