২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বিমানবন্দরের জমির জন্য দাম বেশি দেওয়া হবে'

বাজার মূল্যের চেয়ে বেশি দাম দিয়েই মুন্সীগঞ্জের আড়িয়াল বিলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমান বন্দরের জমি অধিগ্রহণ করা হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2011, 10:26 AM

Updated : 24 Aug 2022, 02:23 PM

ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাজার মূল্যের চেয়ে বেশি দাম দিয়েই মুন্সীগঞ্জের আড়িয়াল বিলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমান বন্দরের জমি অধিগ্রহণ করা হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান। মঙ্গলবার রাজধানীর রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ঢাকাস্থ মুন্সীগঞ্জ-বিক্রমপুর ছাত্র কল্যাণ সমিতি আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন। একই সঙ্গে কোনো বসতবাড়ি অধিগ্রহণ না করার সরকারি সিদ্ধান্তের কথাও জানান গণপূর্ত প্রতিমন্ত্রী। মান্নান খান বলেন, "জনগণকে দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে বর্তমান সরকার কোনো উন্নয়ন কাজ করবে না।" আড়িয়াল বিলে এই আন্তর্জাতিক বিমান বন্দরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৫০ হাজার কোটি টাকা। এরই মধ্যে এ সংক্রান্ত একটি খসড়া প্রকল্প তৈরি হয়েছে। এতে মোট জমির পরিমাণ ধরা হয়েছে ১১ হাজার ২৫০ একর। ঢাকা থেকে ৩০ কিলোমিটার দূরে আড়িয়াল বিলে বিমানবন্দর নির্মাণের পক্ষে যুক্তি দিয়ে প্রতিমন্ত্রী আব্দুল মান্নান বলেন, "এটি বছরের বেশিরভাগ সময়ই শুকনো থাকে, দিন দিন ভরাটও হয়ে যাচ্ছে। এখানে বিমানবন্দর করা হলে বেশি লাভ হবে।" এই এলাকায় আইটি নগরী ও বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করার পরিকল্পনার কথাও জানান তিনি। অবশ্য স্থানীয়দের একটি পক্ষ শুরু থেকেই এই বিলে বিমানবন্দর না করতে দাবি জানিয়ে আসছে। তারা বিভিন্ন সময় সড়ক অবরোধ, বিক্ষোভ প্রদর্শনসহ নানা কর্মসূচিও পালন করে। এ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, "বঙ্গবন্ধুর নামে বিমানবন্দর হচ্ছে বলে স্বাধীনতাবিরোধীরা এবং ওই এলাকার যারা অর্পিত সম্পত্তি দখল করে আছে তারা এর বিরোধিতা করছে। তাদের বুঝিয়ে সঙ্গে নিয়েই বিমানবন্দর নির্মাণের কাজ শেষ করা হবে।" আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলি, ঢাকাস্থ বিক্রমপুর সমিতির সভাপতি মনিরুজ্জামান ভূইয়া, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, ছাত্রলীগের সহ-সভাপতি গোলাম সারোয়ার কবির ও ঢাকাস্থ মুন্সীগঞ্জ-বিক্রমপুর ছাত্র কল্যাণ সমিতির সভাপতি আব্দুর রহমান জীবন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএল/এমআই/১৬২৫ ঘ.