ঝিনাইদহ, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলা শহরের পুরনো হাটখোলা মোড়ে সোমবার রাতে ট্রাক চাপায় একজনের মৃত্যু হয়েছে। আহত হন পাঁচজন।
নিহত বাচ্চু মণ্ডল (২৫) সদর থানার খাজুরা গ্রামের এবাদত মণ্ডলের ছেলে।
আহতদের একজনকে সদর হাসপাতালে ভর্র্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
সদর থানার উপ পরিদর্শক মো. কামরুজ্জামান বলেন, বাচ্চু শহরের একটি কসমেটিকসের দোকানের কর্মচারী। রাত সাড়ে ৯টার দিকে কাজ শেষে গ্রামের কয়েকজনের সঙ্গে স্থানীয় যান আলমসাধুযোগে (শ্যালো ইঞ্জিনচালিত যান) বাড়ি ফিরছিলেন।
পুরানো হাটখোলা মোড়ের তাছলিমা ক্লিনিকের সামনে পৌঁছলে কুষ্টিয়া থেকে ঝিনাইদহগামী একটি ট্রাক আলমসাধুটিকে চাপা দেয়। এতে বাচ্চু ঘটনাস্থলে মারা যান।
পুলিশ ট্রাক চালক আশরাফুল ইসলামকে গ্রেপ্তার ও ট্রাকটি আটক করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০৯ ঘ.
bdnews24