২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত

সিলেটে প্রতিপক্ষের হামলায় এক কৃষক নিহত হয়েছেন। এছাড়া সাভার ও কুড়িগ্রামে তিনটি লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2011, 06:19 PM

Updated : 24 Aug 2022, 02:22 PM

ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে প্রতিপক্ষের হামলায় এক কৃষক নিহত হয়েছেন। এছাড়া সাভার ও কুড়িগ্রামে তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিলেট প্রতিনিধি জানান, বিয়ানীবাজারে কাকরদি গ্রামে প্রতিপক্ষের হামলায় নিহত কৃষকের নাম মছনুর রহমান (৪৫)। বিয়ানীবাজার থানার ওসি একেএম ফজলুল হক শিবলী বলেন, রোববার বিয়ানীবাজার পৌর শহরে একটি সিএনজি অটোরিকশা দুর্ঘটনার বিষয় সালিশের মাধ্যমে নিষ্পত্তি করে দেন মছনুর রহমান। এতে অসন্তুষ্ট একই গ্রামের আব্দুস সাত্তারের ছেলেরা সোমবার সকালে মছনুরের বাড়ি গিয়ে তাকে হাতুড়ি দিয়ে মারধর করে। দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মছনুরের মৃত্যু হয়। হামলায় আহত তার দুই সহোদর রিসনুর ও জসনুরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সাভার প্রতিনিধি জানান, আশুলিয়ার ভাদাইল থেকে এক অজ্ঞাত পরিচয় তরুণ (২৮) এবং গাজিরচটের একটি বাড়ি থেকে রহিমা খাতুন (৮) নামের শিশুটির লাশ উদ্ধার করা হয়। আশুলিয়া থানার উপ-পরিদর্শক ইলিয়াছুর রহমান বলেন, এলাকাবাসীর কাছে সংবাদ পেয়ে বেলা ১২টার দিকে ভাদাইলের সেনাকল্যান সোসাইটির একটি পরিত্যক্ত জমি থেকে তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা ইট দিয়ে তার মাথা থেঁতলে হত্যার পর লাশ ফেলে যায় বলে ধারণা করা হচ্ছে। এদিকে গাজিরচটের ভূঁইয়াপাড়া মহল্লার কাশেম ভূঁইয়ার ভাড়াবাড়ি থেকে রহিমা খাতুনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পরিবারের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা জানান, মাস খানেক আগে রহিমা তার খালু সেকান্দার মিয়ার কাছে বেড়াতে আসে। সকালে বাসায় একা রেখে সবাই বেড়াতে যায়। ১২টার দিকে ফিরে এসে ঘরের ফ্যানের সঙ্গে তার ঝুলন্ত লাশ দেখে। রহিমা যশোরের নোয়াপাড়া উপজেলার সিদ্দির পাশার মুরাদ শেখের মেয়ে। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা হয়েছে। কুড়িগ্রাম প্রতিনিধি জানান, সদর উপজেলায়র কাঁঠালবাড়ি ইউনিয়নের বুড়িরডোবা এলাকা থেকে সোমবার সাকলে হারুন (৪৫) নামের একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। হারুনের বাড়ি উপজেলার শিবরাম প্রামানিকটারী গ্রামে। গত বুধবার (১৯ জানুয়ারি) তিনি পাশের প্রতাপ গ্রামে শ্বশুরবাড়ির উদ্দেশে বের হয়ে নিখোঁজ হন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হারুনের ছোটভাই হুমায়ুনকে(৩৬) আটক করেছে। কুড়িগ্রাম সদর থানার ওসি তাহারুল ইসলাম বলেন, তদন্তের আগে হত্যার ব্যাপারে কিছু বলা যাবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪২ ঘ.