চট্টগ্রাম, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাহাড় কাটার দায়ে চট্টগ্রামে একটি আবাসন প্রতিষ্ঠানকে ছয় লাখ ৯৪ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
সোমবার সকাল সাড়ে ১০টা থেকে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মুনীর চৌধুরীর দেড় ঘণ্টাব্যাপী এ অভিযানে নেতৃত্ব দেন।
নগরীর প্রবর্তক সংঘের মালিকানাধীন পাহাড় কেটে বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছিলো দণ্ডিত 'আর এফ প্রপার্টিজ লিমিটেড' নামের প্রতিষ্ঠানটি।
অভিযানে মুরাদপুর মৌজাভুক্ত ওই পাহাড়টির মোট আট হাজার ৩০ বর্গমিটার পাহাড় ও টিলা ভূমিও অবমুক্ত করা হয়। এর আগে বুলডোজার দিয়ে দেড় হাজার ফুট দীর্ঘ এবং ১০ ফুট উচ্চতার টিনের বেড়া ও লোহার অ্যাঙ্গেলের বেষ্টনী উপড়ে ফেলা হয়। দুটি ৫০০ বর্গফুট আয়তনের লেবার শেডও ভেঙে ফেলা হয়।
এতে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) এক প্লাটুন পুলিশ এবং ২০ জন শ্রমিক কর্র্মী অংশ নেয়।
এ ব্যাপারে মুনীর চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভবন নির্মাণে প্রতিষ্ঠানটির কোনো পরিবেশ ছাড়পত্র ছিলো না। এছাড়া গত বছরের ২২ নভেম্বর ওই পাহাড়ে স্থাপনা নির্মাণকাজ বন্ধে প্রতিষ্ঠানটিকে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে নোটিশ দেওয়া হলেও তারা কাজ বন্ধ করেনি।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে বলেও জানান তিনি।
জানা গেছে, গত অক্টোবরে পাহাড়ের ১১৩ গণ্ডা জায়গায় বহুতল ভবন নির্মাণে ওই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেন প্রবর্তক সংঘের বর্তমান কমিটির কর্মকর্তারা। চট্টগ্রাম উন্নয়ন কর্তপক্ষ (সিডিএ) ভবন নির্মানের অনুমতিও দেয়। তবে শুরুতেই পরিবেশ অধিদপ্তর নির্মাণ বন্ধে নোটিশ দিয়েছিলো।
পাহাড় কেটে বহুতল ভবন নির্মাণে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ দায় এড়াতে পারে কিনা- জানতে চাওয়া হলে মুনীর চৌধুরী সাংবাদিকদের বলেন, "আমরা আশা করছি সিডিএ এ অনুমতি বাতিল করবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এএল/এইচএ/২১৩০ ঘ.
bdnews24