নারায়ণগঞ্জ, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শ্রমিক ও পুলিশের সংঘর্ষের ঘটনায় দুটি মামলা হয়েছে।
চাকরি স্থায়ী করা, মজুরি বাড়ানো ও শ্রমিক ছাঁটাই বন্ধের দাবিতে রোববার সিদ্ধিরগঞ্জের গোদনাইল পানিরকল এলাকায় এসিআই ফার্মাসিউটিক্যালস লিমিটেড কারখানায় এই সংঘর্ষ হয়।
এতে নিহত হয় শ্রমিক এনামুল হক। ১০ পুলিশসহ আহত হয় শতাধিক।
শ্রমিক নিহত হওয়ার ঘটনায় গভীর রাতে সিদ্ধিরগঞ্জ থানার এসআই জাকির হোসেন বাদি হয়ে অজ্ঞাত ৩০০/৪০০ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন।
সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা ও ভাংচুরের অভিযোগে ৩০ শ্রমিকের নাম উল্লেখ করে আরো একটি মামলা করেন এসআই জাকির।
এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
দুটি মামলার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ওসি এস এম বদরুল আলম সাংবাদিকদের জানান, রোববার রাতেই অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
কারখানায় পুলিশ মোতায়েন রয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ওসি আরো জানান, ময়না তদন্ত শেষে নিহত শ্রমিক এনামুল হকের লাশ তার গ্রামের বাড়ি রংপুরে পাঠানো হয়েছে।
তবে নিহতের পরিবার ও কারখানা কর্তৃপক্ষ থানায় কোনো মামলা করেনি বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮০৩ ঘ.
bdnews24