২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংশোধিত দুদক আইনের খসড়া অনুমোদন

১০টি সংশোধনীসহ দুর্নীতি দমন কমিশন (সংশোধিত) আইনের খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা।(বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2011, 08:33 AM

Updated : 24 Aug 2022, 02:23 PM

ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১০টি সংশোধনীসহ দুর্নীতি দমন কমিশন (সংশোধিত) আইনের খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এ বৈঠকে মন্ত্রিসভার সদস্য ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ বৈঠকের সিদ্ধান্তগুলো সাংবাদিকদের জানান। তিনি বলেন, "১০টি সংশোধনীসহ দুর্নীতি দমন কমিশন (সংশোধিত) আইন-২০১০ এর খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। গত ২০০৯ সালের ৪ মে এ সংশোধনীগুলো জমা দেওয়া হয়।" সংশোধনীসহ অনুমোদিত আইনে বলা হয়েছে, কমিশন কোনো বিষয়ে অভিযোগ অনুসন্ধান বা তদন্তের প্রয়োজনে সরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থার কর্মকর্তাদের সহযোগিতা নিতে পারবে। এতে আরো বলা হয়, কোনো বিষয়ে অনুসন্ধান বা তদন্ত নির্দিষ্ট ১২০ দিনের মধ্যেই শেষ করতে হবে। কোনো তদন্ত কর্মকর্তা নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত শেষ করতে না পারলে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে বদলি করা হবে। একইসঙ্গে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হবে। দুর্নীতি দমন কমিশন আইন সংশোধন নিয়ে কমিশনের মধ্যে অসন্তোষ রয়েছে। আইন সংশোধনে সরকারি উদ্যোগের মধ্যেই কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান গত বছর বলেছিলেন, "দুদককে ক্রমেই ক্ষমতাহীন করা হচ্ছে। দুদককে দন্তহীন বাঘে পরিণত করার পর এখন তার থাবা থেকে নখগুলোও কেটে দেওয়ার প্রক্রিয়া চলছে।" মন্ত্রিসভার বৈঠকে অংশ নেওয়া এক মন্ত্রী নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুর্নীতি দমন কমিশনের জবাবদিহিতা রাষ্ট্রপতির কাছে থাকা নিয়ে যে প্রস্তাব ছিলো সে বিষয়ে মন্ত্রিসভা কোনো সিদ্ধান্ত নেয়নি। এ বিষয়টি বিবেচনার দায়িত্ব সংসদীয় কমিটি তথা সংসদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে।" ওই মন্ত্রী জানান, আগের দুদক আইনেও কমিশনকে রাষ্ট্রপতির কাছে প্রত্যেক বছরের মার্চে একটি প্রতিবেদন দেওয়ার বিধান ছিলো। কিন্তু এবার নতুন করে রাষ্ট্রপতির কাছে জবাবদিহি করার প্রস্তাব করা হয়। রাষ্ট্রপতিও সরকারের একটি অংশ বলে মন্ত্রিসভা এ প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদন দেয়নি। প্রস্তাবিত সংশোধনী আইনে সরকারি কর্মকর্তাদের দুর্নীতির বিষয়ে তদন্তের জন্য সরকারের পূর্বানুমতি নেওয়ারও বিধান রাখা হয়েছে বলে তিনি জানান। মন্ত্রিসভার সোমবারের বৈঠকে ইলেক্ট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ইজিপি) নীতিমালার খসড়া অনুমোদন এবং পরিসংখ্যান আইনের খসড়া নীতিগত অনুমোদন করা হয়েছে। বৈঠকে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ আইন ২০১১-এর নীতিগত অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। এ প্রস্তাবটি আরো পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তীতে মন্ত্রিসভায় উপস্থাপন করতে বলা হয়েছে। এছাড়াও খুলনা হার্ডবোর্ড মিলের কাঁচামাল হিসেবে সুন্দরবন থেকে জ্বালানি কাঠ গরান সংগ্রহ ও সরবরাহের প্রস্তাব মন্ত্রিসভা নাকচ করে দিয়েছে। প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে প্রেসসচিব বলেন, সুন্দরবন রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। এক্ষেত্রে কোনোভাবেই সুন্দরবনের কাঠ সংগ্রহ করা যাবে না। মিলটি যেভাবে জ্বালানি সংগ্রহ করে চলছে, সেভাবেই চলবে। শ্রমিকদের স্বার্থে এটিকে চালিয়ে যেতে হবে, বন্ধও করা যাবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এমআই/১৬০০ ঘ.