ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আপিল বিভাগের আদেশে কক্সবাজারের সদর, টেকনাফ, চকরিয়া ও মহেশখালী পৌরসভায় পৌর নির্বাচনের বাধা কাটলো। ফলে আগামী ২৭ জানুয়ারি এ চার পৌরসভায় নির্বাচন করা যাবে।
কার্তিক চন্দ্র দাস নামে এক ভোটারের আবেদনে হাইকোর্ট কক্সবাজারের চার পৌরসভায় নির্বাচন স্থগিত করে গত ১৫ ডিসেম্বর আদেশ দিয়েছিলো।
এরপর সরকার পক্ষের আবেদনে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ১৯ ডিসেম্বর হাইকোর্টের আদেশ স্থগিত করেন। তবে ওই স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য কার্তিক আপিল বিভাগে আবেদন করলে ওই নির্বাচন নিয়ে সংশয় দেখা দেয়।
সোমবার প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ কার্তিকের আবেদন নিষ্পত্তি করে চেম্বার বিচারপতির আদেশই বহাল রাখে।
আদেশের পর সহকারী অ্যাটর্নি জেনারেল একরামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এর ফলে এ চার পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে আর কোনো বাধা নেই।"
রিটকারীর পক্ষে শুনানি করেন ব্যরিস্টার রফিক উল হক। সরকার পক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান ও একরামুল হক।
গত ১২ থেকে ১৮ জানুয়ারি চার পর্বে দেশের আড়াই শতাধিক পৌরসভায় নির্বাচন হয়। আইনি জটিলতার কারণে কয়েকটি পৌরসভার নির্বাচন তখন হতে পারেনি। আগামী ২৭ জানুয়ারি ওই সব পৌরসভায় ভোটগ্রহণ হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৩৫০ ঘ.
bdnews24