ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের ওষুধ ফেলে দেওয়ার ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব সুভাষ চন্দ সরকার এ কমিটির আহ্বায়ক। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন- স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক (হাসপাতাল-১) লুৎফুল কবির এবং সিনিয়র সহকারী সচিব শওকত রশীদ চৌধুরী।
রোববার মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মুন্সী জালালউদ্দিন জানান, একটি দৈনিক পত্রিকার সংবাদ প্রকাশিত হওয়ার পর রোববার স্বাস্থ্যমন্ত্রী এ ঘটনার সত্যতা যাচাইয়ের নির্দেশ দেন। এরই পরিপ্রেক্ষিতে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
২২ জানুয়ারি একটি বাংলা দৈনিকে 'জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ওষুধ ফেলে দিচ্ছে' শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এএল/পিডি/২০৩১ ঘ.
bdnews24