২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিংড়ি নিয়ে কারসাজি, আটক ২

বাগেরহাটে ইনজেকশনের সিরিঞ্জ দিয়ে চিংড়িতে অপদ্রব্য ঢুকিয়ে ওজন বাড়ানোর সময় দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2011, 01:30 PM

Updated : 24 Aug 2022, 02:22 PM

বাগেরহাট, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাটে ইনজেকশনের সিরিঞ্জ দিয়ে চিংড়িতে অপদ্রব্য ঢুকিয়ে ওজন বাড়ানোর সময় দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে দুইশ' কেজি গলদা চিংড়ি জব্দ করা হয়েছে। রোববার দুপুরে বাগেরহাট সদর উপজেলার কুরশাইল গ্রাম থেকে দুই চিংড়ি ব্যবসায়ীকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে। আটককৃতরা হলেন- কুরশাইল গ্রামের ভরত বর্মণের ছেলে অংশুপতি বর্মণ (৩৫) এবং অনাদী বিশ্বাসের ছেলে লক্ষণ বিশ্বাস (২৫)। জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শেখ শহীদ জানান, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন ওই গ্রামে তাদের নিজস্ব মজুদ কেন্দ্র রয়েছে। গ্রামের চিংড়ি বিক্রেতাদের কাছ থেকে কেনার পর তারা সেখানে বসে সিরিঞ্জের মাধ্যমে চিংড়িতে বিশেষ ধরনের অপদ্রব্য ঢুকিয়ে ওজন বাড়ান। পরে এসব চিংড়ি রপ্তানি প্রক্রিয়াকরণ কারখানায় বিক্রি করেন। বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট পঙ্কজ কুমার রায় সাংবাদিকদের বলেন, এ ধরনের অসাধু কর্মকাণ্ডের কারণে দেশের অন্যতম প্রধান এই রপ্তানি পণ্যের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছে। ইউরোপ ও আমেরিকার বাজারে বাংলাদেশের চিংড়ির সুনাম নষ্ট হয়েছে। বিভিন্ন সময়ে চিংড়ির চালান বিদেশ থেকে ফিরে এসেছে। পুলিশ কর্মকর্তা জানান, চিংড়ির গুণগত মান বজায় রাখার জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও কিছু অসাধু ব্যবসায়ী এখনো এ ধরনের অপতৎপরতা চালিয়ে যাচ্ছেন। তিনি জানান, জিজ্ঞসাবাদ শেষে আটক দুজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯২৮ ঘ.