রাজশাহী, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর পুঠিয়ায় 'দুর্বৃত্তদের' হামলায় শ্রমিক নেতাসহ পাঁচজন আহত হয়েছে।
শনিবার রাত আড়াইটার দিকে পুঠিয়া থানার পাশের কৃষ্ণপুর কালিতলা এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে উপজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি আজগর হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়।
স্থানীয়রা জানান, পুঠিয়ার রাজবাড়ি এলাকার দুলাল, জাইদুল, গোপাল রফিকুল ইসলামের ভ্যানে করে রাতে উপজেলা সদর থেকে বাড়ি ফিরছিলেন। কৃষ্ণপুর কালিতলায় এলে সশস্ত্র দুর্বৃত্তরা তাদের উপর হামলা করে নগদ টাকা ও ২টি মোবাইল ফোন কেড়ে নেয়।
বিপরীত দিক থেকে যাওয়ার পথে এ ঘটনা দেখে প্রতিবাদ করেন শ্রমিক নেতা আজগর। এ সময় তাকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।
পুঠিয়া থানার ওসি জিয়াউল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত থেকেই পুলিশ এ বিষয়ে অনুসন্ধান শুরু করেছে। ঘটনাস্থল থেকে ব্যাগ, কাপড়-চোপড়সহ বেশ কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি ছিনতাই না অন্য কিছু তা খতিয়ে দেখা হচ্ছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমএসবি/১৭৫১ ঘ.
bdnews24