ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর লালবাগের আমলিগোলা মাঠে স্থাপনা নির্মাণে তিন মাসের স্থিতাবস্থা দিয়েছে হাইকোর্ট।
লালবাগের বাসিন্দা ও সাবেক জাতীয় ফুটবলার রিয়াজ উদ্দিনের এক আবেদনের পর রোববার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী এবং বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ এ আদেশ দেয়।
একই সঙ্গে মাঠ রক্ষা এবং এ পর্যন্ত নির্মিত স্থাপনা কেনো ভেঙে ফেলা হবে না, তার জবাব জানাতে সরকারকে তিন সপ্তাহ সময় দেওয়া হয়েছে।
আবেদনকারীর আইনজীবী মনজিল মোরসেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ওই মাঠে ঈদের নামাজ পড়া হয় এবং সেখানে একটি শিশুপার্কও ছিলো। কিন্তু এখন ওখানে বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হচ্ছে।"
স্থিতাবস্থা চলার সময়ে ওই এলাকায় কোনো ধরনের স্থাপনা নির্মাণ করা যাবে না বলেও জানান তিনি।
শুনানিতে সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আলতাফ হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএন/এএল/আরএ/১৭০৫ ঘ.
bdnews24