লালমনিরহাট, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিস্তা রেল সেতুর ওপর একটি ট্রাক বিকল হয়ে পড়ায় রোববার সকালে প্রায় তিন ঘণ্টা লালমনিরহাট ও কুড়িগ্রামের সঙ্গে দেশের সড়ক ও রেল যোগাযোগ বন্ধ ছিলো।
সকাল সোয়া ১০টায় ট্রাকটি সরানোর পর যান চলাচল পুনরায় শুরু হয় বলে জানিয়েছেন লালমনিরহাট রেল পুলিশের উপপরিদর্শক মোস্তাক হোসেন।
তিস্তা রেল সেতু সড়ক ও রেল উভয় ধরনের যান পারপারেই ব্যবহৃত হয়। তবে আলাদা সড়ক সেতু নির্মাণের কাজ চলছে।
মোস্তাক হোসেন সাংবাদিকদের বলেন, "সাড়ে ৭টার দিকে মালবাহী একটি ট্রাক সেতুর মাঝখানে বিকল হয়ে পড়ে। রেলকর্মীরা কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে এটি সরানোর পর চলাচল শুরু হয়।"
দীর্ঘ সময় চলাচল বন্ধ থাকায় সেতুর দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। শীতের সকালে এসব যানবাহনের যাত্রীদের দুর্ভোগও পোহাতে হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১২০ ঘ.
bdnews24