চট্টগ্রাম, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মহানগরী থেকে লুণ্ঠিত মালামালসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল শুক্রবার গভীর রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত বন্দর ও পাহাড়তলী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- নুরুল ইসলাম মিরন (৩২), মো. শফিকুল আলম শফি (৩২), মো. মহসীন (২৪), সুমন ধর (২৪) ও মো. সোহেল (২৪)।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে লুণ্ঠিত পাঁচ ভরি স্বর্ণ, দুটি মোবাইল সেট এবং ডাকাতির কাজে ব্যবহৃত গ্রিল কাটার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (গোয়েন্দা) হাছান চৌধুরী জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তার তিনজনসহ ১০-১২ জনের একটি ডাকাত দল গত ১৩ জানুয়ারি নগরীর খুলশী থানাধীন রেলওয়ে অফিসার্স কলোনিতে তিনটি বাসায় ডাকাতি করে স্বর্ণালঙ্কার, মোবাইল সেট, নগদ টাকাসহ ৬ লাখ ৯ হাজার টাকার মালামাল লুট করে।
এরপর পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার সুমন ও সোহেল লুট করা স্বর্ণালঙ্কার ও মোবাইল সেটের ক্রেতা বলে পুলিশ জানায়।
গোয়েন্দা কর্মকর্তা হাছান জানান, ডাকাতির শিকার পরিবারের সদস্যরা উদ্ধার করা মালামাল তাদের বলে শনাক্ত করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৯৫০ ঘ.
bdnews24